২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ২০১১ গণআন্দোলনের সূতিকাগারে উড়ল জাতীয় পতাকা

সিরিয়ায় ২০১১ সালের গণআন্দোলনের সূতিকাগার দেরায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে সেখানে জাতীয় পতাকা উড়িয়েছে সরকারি বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2018, 10:31 PM

Updated : 08 Apr 2022, 06:41 PM

বৃহস্পতিবার সিরিয়ার পতাকা নিয়ে দেরায় প্রবেশ করে সামরিক যান। সঙ্গে যায় রাশিয়ার সামরিক পুলিশও।

এ স্থানেই ২০১১ সালে সূচনা হয়েছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গণআন্দোলনের। আর এ আন্দোলনে সরকারের দমন-পীড়নের জেরেই দেশটিতে চলে এসেছে সাত বছরের গৃহযুদ্ধ। প্রাণহানি হয়েছে অসংখ্য মানুষের। বাস্তুচ্যুত হয়েছে দেশের অর্ধেকেরও বেশি মানুষ।

দেরার বিদ্রোহীরা গত শুক্রবার তাদের নিয়ন্ত্রিত এলাকা সিরিয়া বাহিনীর কাছে ফিরিয়ে দিতে একটি চুক্তিতে পৌঁছে। আত্মসমর্পণের বিনিময়ে তারা সাধারণ ক্ষমা কিংবা ওই এলাকা থেকে বের হয়ে উত্তরে চলে যাওয়ার জন্য একটি নিরাপদ পথ (সেফ প্যাসেজ) দাবি করেছে।

দেরার যোদ্ধারা এখনো এই নিরাপদ গমনপথের জন্য রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন বিদ্রোহী কর্মকর্তারা।

সিরিয়ার সেনাবাহিনী ১৯ জুন থেকে শুরু করা বড় ধরনের অভিযানে দেরার চারপাশের প্রদেশের বিরাট একটি অংশ পুনরায় বিদ্রোহীদের কাছ থেকে দখল করে নেয়।