এ মুহূর্তেই নেটো ছাড়ছেন না ট্রাম্প
ব্রাসেলসের নেটো সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনই এ জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার দরকার নেই বলে মনে করছেন তিনি।
দুই দিনের ব্রাসেলস সম্মেলনে মিত্র দেশগুলো প্রতিরক্ষা বাজেটে জিডিপি’র ২ শতাংশের বেশি ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানানোর পর ট্রাম্প একথা বলেন।
এর আগে তিনি নেটো সদস্যদেরকে সামরিক ব্যয় বাড়াতে বলেছিলেন এবং যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর চেয়ে বেশি প্রতিরক্ষা খরচ দেয় বলে অভিযোগ করেছিলেন।
তবে ট্রাম্প বেশি ব্যয়ের জন্য মিত্রদেশগুলোর প্রতিশ্রুতির কথা বললেও কোনো দেশই এরকম প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি বলে জানিয়েছি বিবিসি।
অনিশ্চিত সূত্রের কয়েকটি খবরে বলা হয়েছে, ২০২৪ সালের মধ্যে নেটো সদস্য দেশগুলোর জিডিপি’র ২ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে ট্রাম্প এ জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন।
কিন্তু পরে ট্রাম্প একটি সংবাদ সম্মেলনে নেটো সম্মেলন সফল হয়েছে বলে প্রশংসা করেন।তিনি বলেন,“আজ আমরা বড় ধরনের অগ্রগতি অর্জন করেছি।যে স্পৃহা দেখেছি তা সত্যিই বিস্ময়কর। মিত্ররা ব্যয় বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।” আর এজন্য নেটো মহাসচিবের কাছ থেকে পুরো কৃতিত্বটা তিনিই পেয়েছেন বলেও ট্রাম্প উল্লেখ করেন।
তবে সম্মেলনে আসলে ঠিক কি বিষয়ে মতৈক্য হয়েছে তা নিয়ে পরষ্পরবিরোধী খবর পাওয়া গেছে।
