২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের জবাব দেবে চীন

চীনের হাজারো পণ্যে প্রায় ২০ হাজার কোটি ডলার অর্থমূল্যের নতুন শুল্কারোপের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে বাণিজ্য যুদ্ধে ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jul 2018, 08:11 PM

Updated : 08 Apr 2022, 06:41 PM

চীনের আরো পণ্যের উপর যুক্তরাষ্ট্র নতুন করে বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে বেইজিং।

চীনের হাজারো পণ্যে প্রায় ২০ হাজার কোটি ডলার অর্থমূল্যের শুল্ক আরোপের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে বাণিজ্য যুদ্ধে ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে।

এ পদক্ষেপে বিস্মিত চীনের বাণিজ্যমন্ত্রণালয় বলেছে, তারা বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করবে। তবে কিভাবে এর জবাব দেওয়া হবে সে বিষয়ে তাক্ষণিকভাবে বেইজিং কিছু বলেনি।

এক বিবৃতিতে, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্ত্রণালয় মন্তব্য করেছে।

গত মঙ্গলবার চীন থেকে আমদানি করা হাজারো পণ্যের নতুন তালিকাটি প্রকাশ করেন মার্কিন কর্মকর্তারা। যেগুলোর ওপর শুল্ক বসাতে চাইছে মার্কিন প্রশাসন।

ওই তালিকায় আছে আমদানি করা শত শত খাদ্য পণ্য, তামাক, রাসায়নিক, কয়লা, স্টিল ও অ্যালুমিনিয়াম।

এছাড়াও আছে- গাড়ির টায়ার, আসবাবপত্র, কাঠের তৈরি পণ্য, হ্যান্ডব্যাগ, সুটকেস, কুকুর ও বেড়ালের খাবার, দরজা, বাইসাইকেল, গল্ফ ব্যাগ, স্কি, কার্পেট, বেসবল গ্লাভস, টয়লেট পেপার ও প্রসাধন সামগ্রী।

নতুন পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহিজার বলেন, “এক বছরের বেশি সময় ধরে ট্রাম্প প্রশাসন ধৈর্যে্যর সঙ্গে চীনকে অন্যায্য কারবার বন্ধ করে বাজার উন্মুক্ত করে দিয়ে সত্যিকারের প্রতিযোগিতায় আসার অনুরোধ করে আসছে।

“অথচ আমাদের এ উদ্বেগকে আমলে না নিয়ে চীন বরং যুক্তরাষ্ট্রের পণ্যের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক আচরণ শুরু করেছে…. যার কোনো যৌক্তিকতা নেই।”

গত সপ্তাহে প্রাথমিকভাবে চীনা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। অর্থ মূল্যে যা ৩ হাজার ৪শ’ কোটি মার্কিন ডলার। ১২ ঘণ্টার ব্যবধানে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর একই ধরনের শুল্ক কার্যকর করে।