ব্রেক্সিট সঙ্কটের মধ্যে বৈঠকে মে’র নতুন মুখের মন্ত্রিসভা
ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পরিকল্পনা নিয়ে বিরোধে মন্ত্রীদের পদত্যাগের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র সংকট জর্জরিত সরকারের নতুন মুখের মন্ত্রিসভা প্রথম বৈঠক করেছে।
ব্রেক্সিটমন্ত্রী ডেভিস ডেভিস এবং পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের কারণে মে মন্ত্রিসভায় নতুন মন্ত্রী নিয়োগে বাধ্য হন।
দলকে এখন একতাবদ্ধ থাকতে হবে নতুবা সরকার উল্টে যেতে পারে বলে মে সতর্ক করে দিয়েছেন।
বরিস জনসনের জায়গায় মে নতুন পররাষ্ট্রমন্ত্রী করেছেন জেরেমি হান্টকে। তিনি মে’কে জোরালো সমর্থন দেবেন বলে জানিয়েছেন।
ওদিকে, মন্ত্রিসভার বৈঠকের পর মে এক টুইটে সামনের সময়গুলো ব্যস্ততায় কাটবে বলে জানান।
২০১৯ সালের ২৯ মার্চে ইইউ ছাড়ার কথা রয়েছে যুক্তরাজ্যের। কিন্তু এরপর যুক্তরাজ্য এবং ইইউ এর মধ্যে বাণিজ্য সম্পর্ক কিরকম থাকবে সে ব্যাপারেই এখনো দুপক্ষে আলোচনায় সমঝোতা হওয়া বাকি।
কনজারভেটিভ পার্টিতে মতবিভেদের কারণে এ বিষয়টি নিষ্পত্তি হতে অনেকটাই দেরী হচ্ছে। টেরিজা মে’র নতুন পরিকল্পনা নিয়ে বহু কনজারভেটিভ এমপি’ই ক্ষুব্ধ।
মন্ত্রিসভায় চরম বিভাজনের মধ্যেও মে গত শুক্রবার ইইউ’র সঙ্গে যতটা সম্ভব নিবিড় বাণিজ্য সম্পর্ক রাখার পরিকল্পনা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে অনেক কষ্টে একটি চুক্তিতে পৌঁছতে সক্ষম হন। তবে পরিকল্পনাটি নিয়ে মন্ত্রীদের মধ্যে মতভেদ ছিল। ব্রেক্সিটমন্ত্রী তার পদত্যাগপত্রে এ পরিকল্পনার তীব্র সমালোচনা করেছিলেন।
ইইউ বিরোধী অনেকেই এ পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যে কৌশল নিয়ে সমঝোতা হয়েছে তাতে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কারভাবে ছাড়তে পারবে বলে মনে হচ্ছে না।
মন্ত্রিসভার ওই চুক্তিতে ইইউ আলোচকদের খুব সহজেই খুব বেশি ছাড় দেওয়া হয়েছে বলে অভিযোগ করে পদত্যাগ করেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিস ডেভিস। ইইউ আলোচকরা এতে করে আরো বেশি কিছু চাইতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।এরপর পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন একই পথ ধরে পদত্যাগ করেন।
বিবিসি’র সহকারী রাজনৈতিক সম্পাদক নরম্যান স্মিথ বলেছেন, ব্রেক্সিটপন্থিরা এখনো মে’র পরিকল্পনা নিয়ে নাখোশ। তবে তারা এজন্য মে’কে ক্ষমতা থেকে সরানো নয় বরং তার পরিকল্পনায় পরিবর্তন চাইছে।
