তিউনিসিয়ায় সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ নিহত
তিউনিসিয়ার পশ্চিমের আলজেরিয়া সীমান্তে বন্দুক হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর নয় সদস্য নিহত হয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম টিএপি।
টিএপি’র প্রতিবেদনে বলা হয়, রোববার জেনদুবা অঞ্চলের গার দিমাউ ইউনিট পুলিশের একটি দল নিয়মিত টহল দেওয়ার সময় সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়।
“সন্ত্রাসীরা প্রথমে পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি গ্রেনেড ছোড়ে। এরপর উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।”
তিউনিসিয়ার প্রত্যন্ত অঞ্চলে চরমপন্থি জঙ্গিরা সক্রিয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।যে কারণে নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসী হামলা দেশটিতে বিরল নয়।
কিন্তু রোববারের হামলা গত তিন বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী।এর আগে ২০১৫ সালে ইসলামপন্থি জঙ্গিরা দেশটিতে তিনটি বড় ধরণের হামলা চালিয়েছিল।
তারমধ্যে দুইটি হামলার লক্ষ্য ছিল পর্যটকরা প্রথম হামলা হয় একটি জাদুঘরে এবং দ্বিতীয় হামলাটি হয় সুসে সৈকতে।রাজধানীতে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৃতীয়হামলার শিকার হয়।
মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সবগুলো হামলার দায় স্বীকার করেছিল।
ওই তিনটি হামলার পর তিউনিসিয়ার পর্যটন শিল্প প্রায় ধসে পড়ে ছিল। যা এতদিনে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
