টোকিওতে শক্তিশালী ভূমিকম্প
রাজধানী টোকিওসহ জাপানের পূর্বাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৬ মাত্রার ছিল বলে জানা গেছে।
স্থানীয় সময় শনিবার রাত ৮ টা ২৩ মিনিটে ভূমিকম্পটি হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
সংস্থাটি বলেছে, ভূমিকম্পটির উপকেন্দ্র রাজধানীর কাছাকাছি চিবা প্রিফেকচারের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরের তলদেশের ৫০ কিলোমিটার গভীরে। সাগরের তলদেশে ভূমিকম্পটির উৎপত্তি হলেও কোনো সুনামি সতর্কতা জারি করেনি সংস্থাটি।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপানের রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, তারা দ্রুতগামী বুলেট ট্রেন ও সাধারণ ট্রেন চলাচল বন্ধ রেখেছিল এবং রাত ১০ টার আগ পর্যন্ত সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।
রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে তাদের এক বুলেটিনে বলছে, অনেক বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, অনেক জায়গায় রাস্তায় বিদ্যুতের খুঁটি ও পানির পাইপ ফেটে গেছে, এমনকি লিফটে মানুষও আটকা পড়েছে।
সম্ভাব্য ভূমিধস এড়াতে স্থানীয় এলাকাবাসীদেরকে সতর্ক করা হয়েছে।
ভূমিকম্পের পর ওই অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি বলে জানিয়েছে এনএইচকে।
এর আগে গত ১৮ জুন পশ্চিমাঞ্চলীয় ওসাকায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫ জন নিহত হয়েছিলেন।
যখন প্রায় পুরো জাপানজুড়ে ব্যাপক বৃষ্টিপাতে দুর্যোগ অবস্থা বিরাজ করছে তখন ভূমিকম্পের মতো আরেকটি প্রাকৃতি দুর্যোগ দেশটিতে হানা দিল। প্রবল ওই বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত অন্তত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন আরও ৪৮ জন।
কয়েকদিন ধরে চলা বৃষ্টিপাতে অনেক মানুষের মৃত্যুর ঘটনার পর এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, “আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে নিদের্শ দিয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে তা এখন বলা মুশকিল, তবে সরকার জনগণের প্রাণের নিরাপত্তা দেয়াকে বেশি গুরুত্ব দিচ্ছে। সবাইকে সকলকে সর্তক হয়ে চলার জন্য বলা হয়েছে।”
