চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ শুরু
চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের পণ্যের ওপর শুল্ক কার্যকর করে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে।
ওয়াশিংটনের সময় মধ্যরাত থেকে দুই পক্ষই একে অপরের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছে।
পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে উত্তেজনায় থাকা দু’দেশ একে অপরের পণ্যের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করেছিল।
চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের ৩ হাজার ৪শ' কোটি ডলারের শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যেও একই পরিমাণ শুল্ক আরোপ করে চীন। দু’দেশই ৬ জুলাই শুক্রবার থেকে তা চালু করল।
চীন যুক্তরাষ্ট্রের ৫৪৫ টি পণ্য এবং যুক্তরাষ্ট্র চীনের ৮১৮ টি পণ্যের ওপর একই পরিমাণ শুল্ক কার্যকর করেছে।
যুক্তরাষ্ট্র চীনা পণ্যে আরোপিত শুল্ক কার্যকর করার পর চীনও তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক কার্যকর করেছে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লু কাঙ।
যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়ে অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরু করছে বলে অভিযোগ করেছে চীন।
বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির দেশের এ পাল্টাপাল্টি পদক্ষেপে বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধার প্রচেষ্টা ব্যাহত হবে বলেই মনে করা হচ্ছে।
গত মাসে হোয়াইট হাউজ থেকে হাজারের বেশি চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেওয়া হয়। এরপরই একইভাবে পাল্টা পদক্ষেপ নেয় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তি দেখিয়ে বলেছিলেন, “আমেরিকান প্রযুক্তি ও মেধাস্বত্ব অবৈধভাবে চীনে স্থানান্তর ঠেকাতে এ পদক্ষেপ জরুরি হয়ে পড়েছিল। এটি মার্কিন চাকরি বাজারকেও সুরক্ষিত রাখবে।”
নতুন করে আরোপ হওয়া শুল্কের কারণে চীনের এয়ারক্র্যাফট টায়ার থেকে টারবাইন ও বাণিজ্যিক ডিসওয়াশারের মতো পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অতিরিক্ত অর্থ গুনতে হবে।
