২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত সরকার টিকাতে পারলেন মের্কেল

শেষ পর্যন্ত অভিবাসন নিয়ে একটি চুক্তিতে উপনীত হয়ে জোট সরকারের পতন ঠেকাতে সক্ষম হয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2018, 10:07 PM

Updated : 08 Apr 2022, 06:38 PM

অভিবাসন নিয়ে বিরোধের জেরে স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার পদত্যাগ করা এবং তার দল খ্রিস্টিয়ান সোস্যাল ইউনিয়ন (সিএসইউ) নিয়ে জোট থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন।

যে কারণে জার্মানির মাত্র চার মাস বয়সী জোট সরকার পতনের আশঙ্কা দেখা দিয়েছিল। পরে মের্কেল অভিবাসন নীতিতে কিছুটা ছাড় দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের সিদ্ধান্ত বাতিল করেন।

মেরকেল অভিবাসী সংকট সমাধানে অস্ট্রিয়া সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে রাজি হয়েছেন।  ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে আশ্রয়ের আবেদন করা শরণার্থীরা অস্ট্রিয়া সীমান্ত দিয়ে জার্মানি প্রবেশ করে।

তাদের আটকাতে ‘ট্রানজিট সেন্টার’ গঠন করে পরে সেখান থেকেই তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

কড়া দরকষাকষির পর শেষ পর্যন্ত হওয়া চুক্তিকে ‘ভালো সমঝোতা’ বলে বর্ণনা করেছেন মেরকেল। যদিও তার দল মধ্য বাম সোস্যাল ডেমোক্রেট (এসপিডি) দলের মধ্যে ভিন্ন সুর শোনা যাচ্ছে।

অভিবাসন বিষয়ে দলের মুখপাত্র স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমকে বলেন, “জোটের সমস্যা ঢাকতে ট্রানজিট সেন্টার কোনো উপায় হতে পারে না।”

২০১৫ সালে যখন বর্তমান সময়ে তুলনায় শরণার্থীর ঢল অনেক বেশি ছিল তখনও এসপিডি এ ধরনের ট্রানজিট সেন্টার গঠনে রাজি হয়নি বলে জানায় বিবিসি।