বাণিজ্য উত্তেজনা: যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্ক করল চীন
চীনের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওয়াশিংটনের চীনা দূতাবাস।
বাণিজ্য নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় সর্বসাম্প্রতিক এ সতর্কতা জারি করা হল।
চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের পণ্যের উপর শুল্কারোপের পরিকল্পনা ঘোষণার পর দু’দেশের মধ্যে বাণিজ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
দূতাবাস থেকে চীনা পর্যটকদের যেসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে ব্যয়বহুল চিকিৎসা বিল, বন্দুক হামলা ও ডাকাতি, অকারণ হয়রানি করতে কাস্টমস এজেন্টদের তল্লাশি বা বাজেয়াপ্তকরণ, টেলিযোগাযোগ ব্যবস্থায় প্রতারণা এবং প্রকৃতিক দুর্যোগ অন্যতম।
বৃহস্পতিবার চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া সতর্কবার্তায় বলা হয়, “যুক্তরাষ্ট্রে জনগণের নিরাপত্তা ব্যবস্থার বেহাল দশা। সেখানে প্রায়শই বন্দুক হামলা, ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে।”
সেকারণে “চীনা পর্যটকরা যুক্তরাষ্ট্র ভ্রমণে আসলে তাদের নিজেদের চারপাশ এবং সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকা উচিত। সেইসঙ্গে একা নাইট ক্লাবে যাওয়া এড়িয়ে চলাই উত্তম।”
এর আগে গত জানুয়ারিতে চীনা দূতাবাস থেকে একইরকম সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এবার তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে সতর্ক থাকার বাড়তি পরামর্শ দেওয়া হয়েছে।
সর্বশেষ সতর্কতা জারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা এমন প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, “গ্রীষ্মে সবচেয়ে বেশি চীনা পর্যটক যুক্তরাষ্ট্র ভ্রমণে যান। আর নিজেদের জনগণকে বিদেশে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করে দেওয়ার দায়ও চীনা দূতাবাসের রয়েছে।”
চীন দেশটির নাগরিকদের বিদেশ ভ্রমণের ব্যাপারে প্রায়ই নানা ধরনেরর সতর্কতা জারি করে, বিশেষ করে যুদ্ধ-বিক্ষুব্ধ দেশে।
যদিও কিছু কিছু দেশ মনে করে, চীন রাজনৈতিক ও বাণিজ্য লাভের আশায় দেশটির পর্যটকদের ওপর নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করে। চীন সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
২০১৭ সালে সিউলে যুক্তরাষ্ট্রের আকাশ সুরক্ষা ব্যবস্থা (থাড) স্থাপন করা নিয়ে বিরোধের জেরে দেশটি সব ধরনের পর্যটকদের দক্ষিণ কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
