যুক্তরাষ্ট্রে নিজের জন্মদিনের পার্টিতে ছুরিকাঘাতে নিহত ৩ বছর বয়সী শিশু
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বয়জে এলাকায় নিজের জন্মদিনের অনুষ্ঠানে ছুরিকাহত হয়ে তিন বছর বয়সী এক শিশুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ।
যে বহুতল ভবনে এই ছুরি হামলা হয়েছে তার বেশিরভাগ অংশেই বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা শরণার্থী পরিবারগুলো বসবাস করে।
বাজে ব্যবহারের জন্য একদিন আগে ভবনটি থেকে তাড়িয়ে দেওয়া এক যুবকই ‘অপমানের প্রতিশোধ’ নিতে গিয়ে শনিবার শিশুটির জন্মদিনে ছুরি হামলা চালায় বলে সন্দেহ পুলিশের।
টিমি আর্ল কিনার নামের ৩০ বছর বয়সী ওই মার্কিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছে বিবিসি।
শনিবারের হামলায় আহত ৯জনের মধ্যে ছয়জনেরই বয়স ছিল ৩ থেকে ১২ বছরের মধ্যে।
আহতরা সবাই ইরাক, ইথিওপিয়া ও সিরিয়া থেকে আসা শরণার্থী পরিবারের সদস্য বলে তখন জানিয়েছিল পুলিশ।
গুরুতর আহত তিন বছর বয়সী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য উটাহতে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে অন্য এক শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সোমবার নিশ্চিত করেছে পুলিশ।
‘গুরুতর আঘাতপ্রাপ্ত’ বাকি ৭ জন এখনো চিকিৎসাধীন।
বয়েজের মেয়র ডেভ বিয়েতের এক বিবৃতিতে তিন বছর বয়সী শিশুটির মৃত্যুতে ‘ব্যথিত’ হওয়ার কথা জানিয়েছেন।
শহরটির পুলিশপ্রধান উইলিয়াম বোনস এ ছুরি হামলাকে ‘অসমর্থনীয়, বিবেকবর্জিত ও সম্পূর্ণ শয়তানি কাজ’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।
“তাদের ওপরই এই হামলা হয়েছে, যারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ: আমাদের শিশুরা,” বলেছেন তিনি।
৩০ বছর বয়সী কিনারের বিরুদ্ধে হামলা ও খুনসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হলেও ঘটনাটি ‘জাতিগত বিদ্বেষের’ নয় বলেই ধারণা এ পুলিশ প্রধানের।
“পরিচিত একজনের সঙ্গে ওই বহুতল ভবনে থাকতেন সন্দেহভাজন। খারাপ ব্যবহারজনিত কারণে শুক্রবার তাকে ভবনটি থেকে বের করে দেওয়া হয়। তার প্রতিশোধ নিতেই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিতদের ওপর ওই হামলা হয় বলে ধারণা করা হচ্ছে,” বলেন বোনস।
