নাইজেরিয়ায় শতাধিক খ্রিস্টানের জীবন বাঁচালেন এক ইমাম
নাইজেরিয়ার এক ইমাম তার গ্রামে শত শত ভীতসন্ত্রস্ত পরিবারকে ছুটে আসতে দেখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে বাঁচিয়েছেন।
হামলার পর প্রাণ ভয়ে পালিয়ে আসা অসহায় ওইসব নারী, পুরুষ ও শিশুদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ভয়ার্ত ওই লোকজন পার্শ্ববর্তী একটি খ্রিস্টান অধ্যুষিত গ্রাম থেকে পালিয়ে আসে। যেখানে গত শনিবার দুপুরের দিকে প্রায় তিন শতাধিক সশস্ত্র ব্যক্তি হামলা চালিয়েছিল, যারা মূলত পশুপালক এবং তাদের বেশিরভাগই মুসলিম।
হামলার শিকার পরিবারগুলো জানিয়েছে, হামলাকারীরা অকস্মাৎ তাদের গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে এবং বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়।
হামলা থেকে বেঁচে যাওয়ারা প্রতিবেশী মুসলিম-অধ্যুষিত একটি গ্রামের দিকে পালিয়ে যেতে শুরু করে। এ গ্রামেরই ইমাম তখন তাদেরকে বাঁচাতে এগিয়ে যান। মোট ২৬২জন নারী, পুরুষ ও শিশু সেদিন পালিয়ে আসে। তাদেরকে তিনি আশ্রয় দেন তার বাড়িতে এবং গ্রামের মসজিদে।
সেন্ট্রাল নাইজেরিয়ায় সম্প্রতি বিভিন্ন গ্রামে পশুপালকদের হামলা বেড়ে গেছে। সেখানকার গ্রামগুলোর বেশিভাগ মানুষ কৃষক এবং খ্রিস্টান সম্প্রদায়ের। অন্যদিকে, পশুপালকরা মূলত যাযাবর মুসলিম সম্প্রদায়ের।
খ্রিস্টান অধ্যুষিত গ্রামটিতে পশুপালকদের ওই হামলার পর মুসলিম গ্রামে পালিয়ে আসা মানুষদের মধ্যে প্রথমেই নারী ও শিশুদের নিজ বাড়িতে লুকিয়ে রাখার ব্যবস্থা করেন ওই ইমাম। পুরুষদের মসজিদে আশ্রয় দেন বলে জানিয়েছে বিবিসি।
মসজিদে আশ্রয়ের এ খবর জানার পর হামলাকারীরা তাদেরকে পুড়িয়ে হত্যা করতে চায়।
কিন্তু নির্ভিক ইমাম তাদের আদেশ মানতে অস্বীকৃতি জানান এবং হামলাকারীদের মসজিদে প্রবেশে বাধা দেন।
এ সময় হামলাকারীরা তার বাড়ি ও মসজিদ পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এ অবস্থায় হামলাকারীদের সামনেই ইমাম মাটিতে সেজদা দেন। তার সঙ্গে গ্রামের আরও কয়েকজন সেজদায় পড়ে কাঁদতে থাকেন এবং পালিয়ে আসা ব্যক্তিদের প্রাণ ভিক্ষা চান।
এক পর্যায়ে হামলাকারীরা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও যাওয়ার পথে তারা কাছের দুইটি গির্জায় আগুন ধরিয়ে দিয়ে যায়।
নিজের প্রাণের ঝুঁকি নিয়ে খ্রিস্টানদের প্রাণ বাঁচানোর কারণ ব্যাখ্যায় ওই ইমাম বিবিসি’কে বলেন, প্রায় ৪০ বছর আগে ওই এলাকার খ্রিস্টান সম্প্রদায় সেসময় মুসলিমদের সেখানে মসজিদ বানানোর অনুমতি দিয়েছিল।
শুধু তাই নয় তারা মসজিদ নির্মাণের জন্য বিনামূল্যে জমিও দিয়েছিল।
“তারপর থেকে আমরা একসঙ্গে বাস করছি। আমরা অতীতে কখনও শনিবারের হামলার মত কুৎসিত হামলা দেখিনি।”
পালিয়ে আসা খ্রিস্টান সম্প্রদায়ের এক গোত্র প্রধান বলেন, “আমাদের মসজিদে প্রবেশ করতে দেওয়ার পর এমনকি তারা নামাজ পড়ার সময়ও আমাদের বাইরে যেতে বলেনি। তারা আমাদের দুপুর ও রাতের খাবার দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”
পালিয়ে আসা দলটি পাঁচদিন ইমামের আশ্রয়ে থাকার পর হামলায় গৃহহীনদের আশ্রয়ের জন্য তৈরি ক্যাম্পে চলে যায়। যেখানে দুই হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।
এছাড়া, হামলার পর গৃহহীন হওয়া অনেকে আত্মীয় ও বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েছে। গ্রাম ও ওই ইমামে নিরাপত্তার খাতিরে বিবিসি কোনো নাম বা ছবি প্রকাশ করেনি।
