২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কনের বয়স ১১,বরের ৪১;সমালোচনার ঝড় মালয়েশিয়ায়

১১ বছরের এক বালিকার সঙ্গে ৪১ বছরের এক ব্যক্তির বিয়ে নিয়ে মালয়েশিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।সেইসঙ্গে সব বিয়ের ক্ষেত্রেই সর্বনিম্ন বয়স ১৮ করার দাবি উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 10:04 PM

Updated : 08 Apr 2022, 06:37 PM

মালয়েশিয়ায় আইনগতভাবে বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর।কিন্তু ইসলামিক শরিয়া আদালতের অনুমতি সাপেক্ষে ১৬ বছরের কম বয়সী মেয়েদের বৈধভাবে বিয়ে দেওয়া যায়।

১১ বছরের মেয়েটির বাবা-মা থাইল্যান্ডের নাগরিক। মালয়েশিয়ার নাগরিকের সঙ্গে তার বিয়েটি থাইল্যান্ডেই হয়বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার।

সরকারি কর্মকর্তারা বলছেন,থাইল্যান্ডে বিয়ে হয়েছে এবং এখানে স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষের কাছে এ বিয়ের কোনো আইনি কাগজপত্র নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শিশুটি ওই ব্যক্তির তৃতীয় স্ত্রী। তার আগের দুই স্ত্রীর ঘরে ছয়জন সন্তান আছে, যাদের বয়স পাঁচ থেকে ১৮ বছর।

এরপরও শিশুটির দরিদ্র বাবা-মা বিয়েতে মত দেন এবং বর রাজি থাকলে তারা তাদের মেয়ের বয়স ১৬ বছর হওয়া পর্যন্ত নিজেদের কাছে রাখতে রাজি বলে জানিয়েছে বিবিসি।

থাই পরিবারটি মালয়েশিয়ার উত্তর-পূর্বের রাজ্য কেলানটানে বাস করে। তারা রাবার বাগানে কাজ করে।

দারিদ্র্য তাদের এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে মনে করেন দেশটির সমাজকর্মীরা।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মালয়েশিয়া প্রতিনিধি বলেন, “এটি জঘন্য এবং অগ্রহণযোগ্য। এতে কোনোভাবেই শিশুটির ভালো হতে পারে না।”

নারী, পরিবার ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হয়, যেহেতু কনে অপ্রাপ্তবয়স্ক এবং ধর্মীয় আদালতে বিয়ের অনুমতি নেওয়া হয়নি তাই বিয়েটি বেআইনি বলে গণ্য হবে এবং বরের ছয় ‍মাসের কারাদণ্ড হতে পারে।

গত মাসে মালয়েশিয়ায় শিশুদের যৌন নিপীড়নের বিরুদ্ধে একটি আইন পাশ হয়। কিন্তু সেখানে বাল্যবিবাহকে অপরাধ বলে গণ্য করা হয়নি।