২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলোরাডোয় দাবানল লাগানোয় এক ব্যক্তি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বনে আগুন লাগিয়ে দাবানল শুরু করার জন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 01:03 PM

Updated : 08 Apr 2022, 06:37 PM

যুক্তরাষ্ট্রের খরা পীড়িত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেকগুলো দাবানলের ঘটনার মধ্যে ওই লোকের লাগানো দাবানলটি অন্যতম বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই দাবানলে বহু ঘরবাড়ি পুড়ে গেছে ও ওই এলাকার কয়েকশত বাসিন্দাকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে।

সন্দেহজনক নাশকতার ঘটনায় শনিবার ৫২ বছর বয়সী ইয়েস্পা জোয়াগেনসেনকে হেফাজতে নিয়ে যায় পুলিশ। কলরাডোতে বর্তমানে যে ১০টি দাবানল চলছে তার মধ্যে সবচেয়ে জোরালো ‘স্প্রিংস ফায়ার’ এ্রর আগুন জোয়াগেনসেনই লাগিয়েছিল বলে সন্দেহ পুলিশের, কোস্টিলা কাউন্টি শেরিফ দপ্তরের ফেইসবুক পেইজে দেওয়া তথ্য থেকে এমনটিই জানা গেছে। 

জোয়াগেনসেন যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হলে তাকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের হাতে তুলে দেওয়া হবে জানিয়েছেন কোস্টিলা কাউন্টির ডিটেনশন কর্মকর্তা। তবে জোয়াগেনসেন কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। 

স্প্রিংস ফায়ার দাবানলে কলোরাডোর দক্ষিণাঞ্চলীয় শহর ফোর্ট গার‌ল্যান্ড ও লা ভিটার মধ্যবর্তী ৩৮ হাজার একর এলাকা পুড়ে গেছে। দাবানলের কারণে পার্বত্য ওই এলাকাটির সরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন জমিতে থাকা বাড়ি ও খামার ছেড়ে লোকজনকে চলে যেতে হয়েছে। শনিবার ২৭ সেলসিয়াস তাপমাত্রার গরমে আগুন জোরালো হয়ে বিকেলের দিকে আরও ছড়িয়ে পড়েছে বলে খবর।

দাবানল নিয়ন্ত্রণে এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টার থেকে আগুন প্রতিরোধকে রাসায়নিক ও পানি ফেলা হচ্ছে। এলাকাটি ছেড়ে চলে যাওয়া বাসিন্দাদের তাদের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে ড্রোন না উড়নোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ, ড্রোনের কারণে এয়ারক্রাফটগুলো ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।

আগুনে অজ্ঞাত সংখ্যক স্থাপনা পুড়ে গেছে বলে জানিয়েছেন সরকারি তথ্য কর্মকর্তা বেথানি আরবান। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।