সিরিয়ার দেরায় লড়াই থেকে পালিয়েছে ৪৫,০০০ মানুষ: জাতিসংঘ
সিরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দেরা প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীর মুহুর্মুহু বিমান হামলার মুখে এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা।
জাতিসংঘ মঙ্গলবার বলেছে, হামলার তীব্রতা বাড়ায় জর্ডান সীমান্তে পাড়ি জমিয়েছে অন্তত ৪৫ হাজার মানুষ।
জাতিসংঘের মানবিক ত্রাণ কার্যক্রম সমন্বয় কার্যালয়ের মুখপাত্র জেনস লার্কে বলেছেন, শিশুসহ বেসামরিক নাগরিকরা হাতহত হয়েছে এবং বিমান হামলায় একটি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মুখপাত্র বেট্টিনা লুইশ্চার বলেছেন, “সহিংসতা বাড়তে থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে বলেই আমরা ধারণা করছি।”
সিরিয়ার সেনাবাহিনী দক্ষিণপশ্চিমাঞ্চলের প্রদেশটিতে বিদ্রোহীদের বেশকিছু এলাকা দখল করে নিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম এবং যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সিরিয়ার রাষ্ট্রীয় সানা বার্তা সংস্থা এবং দামেস্কর মিত্রবাহিনী হিজবুল্লাহ জানিয়েছে, সেনাবাহিনী বুশরা আল হারির শহর এবং কাছের লাজা এলাকার দখল নিয়েছে। এখন তারা আরো দক্ষিণে অগ্রসর হচ্ছে।
