২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের জেনারেলদের ওপর ইইউ-কানাডার নিষেধাজ্ঞা

মিয়ানমারের ৭ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Jun 2018, 07:36 PM

Updated : 08 Apr 2022, 06:36 PM

তাদের মধ্যে রাখাইন রাজ্যে সেনাঅভিযান পরিচালনার দায়িত্বে থাকা মেজর জেনারেল মাউং মাউং সোয়েও রয়েছেন। ওই অভিযানের মুখেই মিয়ানমার থেকে ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে আসে বলে অভিযোগ আছে।

গত বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রও জেনারেল মাউং সোয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

রোহিঙ্গা নিপীড়নের দায়ে সোমবার কয়েক ঘণ্টার ব্যবধানে ইইউ ও কানাডা ওই সাত সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

ইইউ থেকে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই মিয়ানমার সেনাবাহিনী থেকে বলা হয়, নিষেধাজ্ঞা আরোপ করা জেনারেলদের মধ্যে একজনকে সোমবার চাকরিচ্যুত করা হয়েছে। অন্য একজনকে গত মাসে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর তিনি স্বেচ্ছা অবসরে চলে যান।

যে সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, তারা ইইউ ভূক্ত দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন না এবং ওই সব দেশের কোনো নাগরিক তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তিও করতে পারবে না।

সেনা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের আগে ইইউ মিয়ানমার সেনাবাহিনীর উপর অস্ত্র, প্রশিক্ষণ এবং সব ধরনের সহযোগিতার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

কয়েকটি সেনাপোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলার পর ‘জঙ্গি নির্মূলের’ নামে গত বছর অক্টোবরে রোহিঙ্গা মুসলমান অধ্যুষিত রাখাইন রাজ্যে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী।

সেনা অভিযান শুরুর পর কয়েক মাসে প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যাদের অনেকেই গুলিবিদ্ধ বা দগ্ধ শরীর নিয়ে এসেছে।

পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের অভিযোগ, সেনারা ধর্ষণ ও নির্বিচারে গুলির পর বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে। যদিও সেনাবাহিনী সাধারণ মানুষের উপর নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছে।

রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নিপীড়নের খবর প্রকাশের পর আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে রাখাইনের ওয়েস্টার্ন কমান্ডের প্রধান মাউং সোয়েকে গত বছরই বদলি করা হয়েছিল।

ইইউর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “রাখাইন রাজ্যে ওয়েস্টার্ন কমান্ডের অভিযানের সময় রোহিঙ্গা জনগণের উপর যে নৃশংসতা ও ভয়ঙ্কর মানবাধিকা লঙ্ঘন হয়েছে তার জন্য তিনি (মাউং সোয়ে) দায়ী।”

মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “রাখাইনে জঙ্গিদের হামলা যথাযথভাবে প্রতিহত করতে না পারায় দক্ষতার অভাব জনিত কারণে সোমবার মাউং মাউং সোয়েকে বরখাস্ত করা হয়।”

নিষেধাজ্ঞা আরোপ করা আরেক কমান্ডার লেফটেনেন্ট জেনারেল আউং কিয়াও জাওকে গত মে মাসে ‘পদত্যাগের অনুমতি দেওয়া হয়েছে’ বলে ওই বিবৃতিতে বলা হয়।

তবে বিবৃতিতে ইইউ’র নিষেধাজ্ঞার বিষয়ে কিছু বলা হয়নি।