২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের চাপে মাথানত করবে না ইরান: রুহানি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্পের চাপিয়ে দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞাতেও ইরান মাথানত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 03:56 PM

Updated : 08 Apr 2022, 06:36 PM

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেছেন, নতুন মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলা করার সক্ষমতা তার সরকারের আছে।

ইরানের মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর তেহরানের পার্লামেন্টের বাইরে ব্যবসায়ীদের বিক্ষোভ প্রদর্শনের একদিন পর রুহানি দেশটির নাগরিক ও বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে এ বক্তব্য দিলেন বলে জানিয়েছে রয়টার্স।

পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে ২০১৫ সালে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য ও জার্মানির সঙ্গে চুক্তি করেছিল ইরান।

চলতি বছরের মে মাসে ট্রাম্প ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের স্বাক্ষরিত ওই পরমাণু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসেন।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে তার অবস্থানের ব্যাপারে সন্দিহান মার্কিন প্রেসিডেন্ট আসছে মাসগুলোতে তেহরানের ওপর বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন বলেও ধারণা পর্যবেক্ষকদের। এ নিয়ে ইউরোপের মিত্র দেশগুলোর সঙ্গে তার বাধাবাধিও প্রকাশ্য হয়েছে।

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে তেল রপ্তানি থেকে ইরানের আয় কমে যেতে পারে এবং অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির নাগরিকরা। সোমবার ইরানের পুলিশকে গ্র্যান্ড বাজারের চারদিকে টহল দিতে দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

মুদ্রার দরপতনে এই এলাকার ব্যবসায়ীরাই ফুঁসে উঠেছিলেন, যাদের থামাতে গলদঘর্ম হতে হয়েছিল নিরাপত্তরক্ষীদেরও।

নিজের শাসনামলের অর্থনৈতিক অর্জনের দিকে ইঙ্গিত করে টেলিভিশনে দেওয়া ভাষণে রুহানি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে সরকারের আয় ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কোনো লক্ষণ মেলেনি। রিয়ালের দরপতনের জন্য ‘বিদেশি গণমাধ্যমগুলোর অপপ্রচারকেও’ দায় দিয়েছেন তিনি।

“সবচেয়ে বাজে পরিস্থিতিতেও ইরানিদের মৌলিক প্রয়োজন মেটানোর প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের হাতে যথেষ্ট পরিমাণ চিনি, গম ও ভোজ্যতেল রয়েছে। বাজারে প্রবেশের জন্য প্রয়োজনের চেয়েও বেশি বিদেশি মুদ্রা আছে,” টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে বলেন ইরানের প্রেসিডেন্ট।

মার্চে দেওয়া এক হিসাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিদেশে ইরানি সরকারের ১১২ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ ও রিজার্ভ আছে বলে জানিয়েছিল। প্রয়োজনের তুলনায় দেশটির হাতে উদ্বৃত্ত সম্পদ আছে বলেও ইঙ্গিত দিয়েছিল তারা, যা দিয়ে বাইরের সাহায্য ছাড়াই মার্কিন নিষেধাজ্ঞার চাপ কাটানো সম্ভব।

ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক লারিজানি বলেছেন, রিয়ালের দরপতনের পেছনে যেসব ‘অর্থনৈতিক স্যাবোটাজকারীরা’ আছে, তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।

“শত্রুরা এখন আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। কেউ কেউ আমাদের বাজারগুলো বন্ধ করে দিতে চাইছে, যদিও পুলিশ তাদের চক্রান্ত পণ্ড করে দিয়েছে,” লারিজানির উদ্ধৃতি দিয়ে জানায় ফার্স নিউজ।

মার্কিন নিষেধাজ্ঞার চাপ সামলানোর প্রস্তুতি ও জিনিসপত্রের মূল্যবৃদ্ধি রুখতে ইরানের সরকার এরই মধ্যে এক হাজার তিনশটিরও বেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞাও দিয়েছে।

ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা দেওয়া প্রস্তৃতিকে ‘মানসিক, অর্থনৈতিক ও রাজনৈতিক লড়াইয়ের’ অংশ হিসেবেও অ্যাখ্যা দিয়েছেন হাসান রুহানি। এমন পদক্ষেপের জন্য ওয়াশিংটনকে অনেক বেশি মূল্য চুকাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

“তার নেওয়া সবচেয়ে বাজে সিদ্ধান্ত হচ্ছে (চুক্তি থেকে) সরে যাওয়া। এটা ছিল সাংঘাতিক। এ সিদ্ধান্ত আমেরিকার বৈশ্বিক মর্যাদাহানি ঘটাবে,” বলেছেন তিনি।

তেহরানে চলতি সপ্তাহে হওয়া এই বিক্ষোভের আগে গত বছরের ডিসেম্বরের শেষ দিকেও ৮০টিরও বেশি ইরানি শহরে দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিল আন্দোলনকারীরা। দশককালের মধ্যে সবচেয়ে বড় ওই বিক্ষোভ সহিংসতা অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন।

অর্থনৈতিক পরিস্থিতিকে কারণ দেখিয়ে বিক্ষোভ শুরু হলেও ধীরে ধীরে এটি রাজনৈতিক আন্দোলনের দিকে ধাবিত হয়েছিল, বিক্ষুব্ধ অনেকেই দেশটির বর্তমান সরকারের পাশাপাশি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনিরও পদত্যাগ দাবি করেছিলেন।