২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুহায় আটকা ‘ফুটবল দলের সদস্যরা জীবিত’, আশা থাই উপপ্রধানমন্ত্রীর

থাইল্যান্ডের উপপ্রধান মন্ত্রী প্রায়ুত ওংসুওয়ান বলেছেন, গুহায় আটকা পড়া কিশোর ফুটবল দলের সব সদস্য ও তাদের কোচ জীবিত আছে বলেই আশা করছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 03:11 PM

Updated : 08 Apr 2022, 06:36 PM

শনিবার চিয়াং রাই প্রদেশের একটি গুহায় ১১ থেকে ১৬ বছর বয়সী ওই কিশোররা আটকা পড়ে। তাদের উদ্ধারে মঙ্গলবার তৃতীয় দিনের অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বৃষ্টির কারণে গুহার ভেতরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান ব্যাহত হয়েছিল। এর মধ্যেও নৌবাহিনীর ডুবুরিরা তাদের তৎপরতা অব্যাহত রেখেছেন।

গুহার ভেতরে তাজা পদচিহ্ন মেলায় কিশোর ফুটবল দলটির সদস্যদের বেঁচে থাকার সম্ভাবনা জোরদার হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

কর্তৃপক্ষ গুহাটির বাইরে থেকে পাম্পের মাধ্যমে ভেতরের পানি সরিয়ে নিতে চেষ্টা করছেন বলে জানিয়েছেন বিবিসির প্রতিবেদক; যদিও টানা বৃষ্টিপাত ওই কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে।

“তারা সবাই বেঁচে আছে বলে আমরা এখনো আশাবাদী। তারা হয়তো এই কদিনে কিছুই খেতে পারেনি, তবুও পান করার মতো যথেষ্ট পানি থাকর কথা,” মঙ্গলবার বলেন থাই উপপ্রধানমন্ত্রী প্রায়ুত ওংসুওয়ান। প্রায়ুত একইসঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীরও দায়িত্ব পালন করছেন।   

বিবিসি জানায়, শনিবার বিকালে কিশোর ওই দলটি তাদের ২৫ বছর বয়সী কোচের সঙ্গে উত্তরের প্রদেশ চিয়াং রাইয়ের ‘থাম লুয়াং নায় নন’ গুহায় প্রবেশ করে।

ছোট্ট একটি খরস্রোতা নদী পেরিয়ে ওই গুহায় প্রবেশ করতে হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

কয়েক কিলোমিটার দীর্ঘ গুহাটি পর্যটকদের কাছে বরাবরই দারুণ আকর্ষণীয়। যদিও বর্ষা মৌসুমে প্রায়ই গুহার ভেতর পানি প্রবেশ করে। ভারি বৃষ্টিপাত হলে গুহার ভেতরে পানি ১৬ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে বলেও জানান পুলিশ কর্নেল কোমসান সার্দলুয়ান।

শনিবার রাতে কিশোর ফুটবল দলটির নিখোঁজ হওয়ার খবর জানার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। সেসময় গুহার বাইরে তাদের সাইকেল ও খেলাধূলার সরঞ্জাম পড়ে থাকতে দেখা গেছে।

রয়্যাল থাই নেভির ১৭ সদস্যের একটি ডুবুরি দল সোমবার গুহায় তল্লাশি অভিযান শুরু করে বলে জানান থাই প্রতিরক্ষামন্ত্রী জেনারেল প্রায়ুত ওংসুওয়ান।

“আমি নিজে পরিস্থিতির ওপর নজর রাখছি এবং আশা করছি তাদের খুঁজে পাওয়া যাবে,” বলেন তিনি।