২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চীনা প্রযুক্তি বিনিয়োগে খড়গহস্ত হচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে এবার প্রযুক্তি খাতে চীনা বিনিয়োগের ওপর খড়গহস্ত হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 11:10 PM

Updated : 08 Apr 2022, 06:35 PM

এ সপ্তাহেই বড় বড় প্রযুক্তি ফার্মগুলোতে চীনা বিনিয়োগ চিহ্নিত করে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা আসছে বলে সোমবার জানানো হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে।

এ দমনাভিযান বাণিজ্য নিয়ে দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরো বাড়াবে বলে সিএনএন’র প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

রোবটিক্স, ইলেক্ট্রিক কার, অ্যারোস্পেসের মত শিল্পে বিনিয়োগ বাড়িয়ে এইসব খাতে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে বেইজিং ‘মেইড ইন চায়না ২০২৫’ পরিকল্পনা করেছে।

ওদিকে, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র তাদের ‘গুরুত্বপূর্ণ শিল্পকারখানাগুলোতে’ চীনের বিনিয়োগের উপর নানা ধরনের বাধানিষেধ আরোপের পরিকল্পনা করেছে।

বাধানিষেধের পদক্ষেপগুলোর কয়েকটি হচ্ছে, চীনের অন্তত ২৫ শতাংশ বিনিয়োগ আছে এমন ফার্ম প্রযুক্তিখাতের কোনো কোম্পানি কিনতে পারবে না। সেইসঙ্গে ফার্মে চীনের শেয়ার ভবিষ্যতে আরও কমিয়ে আনা হবে।

যদিও আমেরিকার ‘গুরুত্বপূর্ণ শিল্পকারখানা’ বলতে ট্রাম্প প্রশাসন আসলে কি বোঝাতে চেয়েছে তা এখনও পরিষ্কার নয়।

এ বিষয়ে অর্থমন্ত্রণালয় বা হোয়াইট হাউজ থেকে কোনো মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে সিএনএন।

সম্প্রতি চীন থেকে আমদানি করা ১৩০০ পণ্যে নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৬ জুলাই থেকে যা কার্যকর হওয়ার কথা রয়েছে।

পাল্টা ব্যবস্থা হিসেবে চীনও একই ধরনের শুল্কারোপের হুমকি দিয়েছে।