২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২০ এর মধ্যে উ. কোরিয়ার ‘বড় ধরনের নিরস্ত্রীকরণ’ চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ২০২০ সালের মধ্যে উত্তর কোরিয়ার ‘বড় ধরনের নিরস্ত্রীকরণ’ চায় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2018, 12:15 PM

Updated : 08 Apr 2022, 06:32 PM

সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতার মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকের পর দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিয়ংইয়ংয়ের নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এ সময়সীমার কথা উল্লেখ করেন বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটিতে দুই নেতা ‘কোরীয় উপদ্বীপের পূর্ণাঙ্গ পারমাণবিক নিরস্ত্রীকরণে’ কাজ করতে সম্মত হন। এ বিষয়ে একটি যৌথ ঘোষণায়ও স্বাক্ষর করেন তারা।

কখন ও কীভাবে পিয়ংইয়ং তার পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে, যৌথ ঘোষণায় এ বিষয়ে বিস্তারিত কোনো কথা না থাকায় এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

ট্রাম্প-কিম বৈঠক সম্বন্ধে দক্ষিণ কোরীয় সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে সিঙ্গাপুরের শীর্ষ সম্মেলন শেষ করেই সিউল যান পম্পেও।

তিনি জানান, উত্তর কোরিয়ার সঙ্গে এখনও ‘অনেক কাজ করার বাকি আছে’।

“বড় ধরনের নিরস্ত্রীকরণ। আমরা আশাবাদী, এটা আমরা আগামী আড়াই বছরের মধ্যেই অর্জন করতে পারবো,” বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

পারমাণবিক কর্মসূচি বাতিলের যে কোনো পদক্ষেপ ‘সঠিকভাবে যাচাইয়ের’ বিষয়টি যে গুরুত্বপূর্ণ তা পিয়ংইয়ং বুঝতে পারবে, তিনি এমনটি বিশ্বাস করেন বলে জানিয়েছেন পম্পেও। 

সিঙ্গাপুরে স্বাক্ষরিত নথিতে সুনির্দিষ্ট করে এ সময়সীমার (২০২০ সাল) উল্লেখ নেই কেন, সাংবাদিকদের এমন প্রশ্নকে ‘অপমানজনক’ ও ‘হাস্যকর’ হিসেবেও অ্যাখ্যা দেন পম্পেও।

ট্রাম্প এর আগে উত্তর কোরিয়া আর ‘পারমাণবিক হুমকি নয়’ বলে মন্তব্য করেছিলেন। বলেছিলেন, “সবাই এখন নিজেকে আগের তুলনায় বেশি নিরাপদ মনে করতে পারবে।”

মার্কিন প্রেসিডেন্টের এ দাবির সত্যতা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে বলে মন্তব্য পর্যবেক্ষকদের।

তারা বলছেন, সমঝোতার পরও উত্তর কোরিয়া চাইলে পারমাণবিক ওয়ারহেড নিজের কাছেই রাখতে পারবে, ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে; এগুলো পরিত্যাগ করার সুনির্দিষ্ট কোনো প্রক্রিয়ার উল্লেখও নথিতে নেই।

পশ্চিমাদের সন্দেহ থাকলেও পিয়ংইয়ং সিঙ্গাপুরের সম্মেলনকে ‘দেশের জন্য বিশাল বিজয়’ হিসেবেই উদযাপন করছে।

শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও কিম দুজনই ‘নতুন সম্পর্ক’ গড়তে একে অপরকে সহযোগিতা করার কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের ‘নিরাপত্তা নিশ্চয়তার’ প্রত্যুত্তরে উত্তর কোরিয়াও ‘কোরীয় উপদ্বীপকে পূর্ণাঙ্গ অ-পারমাণবিকীকরণে কাজ করতে’ প্রতিশ্রুতি দিয়েছে।

পরে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, উত্তর কোরিয়ার ‘পারমাণবিক অস্ত্র যখন আর কোনো বিষয় থাকবে না’তখন তিনি পিয়ংইয়ংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন তারা। 

‘কিম তার কথা রাখবেন’, এ বিশ্বাস আছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সময় কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও মার্কিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি। মিত্রদের স্তম্ভিত করে দেওয়া ট্রাম্পের এ ঘোষণাকে উত্তর কোরিয়ার জন্য ‘বড় ধরনের ছাড়’ বলেই মনে করা হচ্ছে।   

বার্ষিক এ সামরিক মহড়াকে ‘যুদ্ধের উসকানি’ অ্যাখ্যা দিয়ে দীর্ঘদিন ধরেই এটি বাতিলের দাবি জানিয়ে আসছিল পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর পরে এক বিবৃতিতে ‘ট্রাম্পের বক্তব্যের আসল অর্থ ও উদ্দেশ্য’ খতিয়ে দেখার কথা জানিয়েছে।

তবে মঙ্গলবারের ‘ঐতিহাসিক সম্মেলনের’ প্রশংসা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন।

“স্নায়ুযুদ্ধের শেষ অবশেষ ভাঙার ক্ষেত্রে এই সম্মেলন সাহায্য করেছিল, এটি এভাবেই মনে রাখা হবে,” বলেন তিনি।

সিঙ্গাপুরের বৈঠকে ট্রাম্প ও কিম কোরীয় উপদ্বীপের অ-পারমাণবিকীকরণে ‘ধাপে ধাপে ও যুগপৎ পদক্ষেপে’ অগ্রসর হতে রাজি হয়েছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মতো কট্টরপন্থিরা আগে এ ধরনের ‘ধাপ পদ্ধতির’ বিরোধিতা করেছিলেন বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্মেলনের পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।

“চেয়ারম্যান কিম যে প্রেসিডেন্ট ট্রাম্পকে পূর্ণাঙ্গ পারমাণবিক নিরস্ত্রীকরণের নিশ্চয়তা দিয়েছেন, এর দারুন অর্থ আছে,” বলেছেন আবে।

সিঙ্গাপুরের সম্মেলনে দুই পক্ষের মধ্যে ‘সমান সংলাপ’ হয়েছে মন্তব্য করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, “কেউই চীনের গুরুত্বপূর্ণ ও অনন্য ভূমিকার কথা অস্বীকার করতে পারবে না। এই ভূমিকা অব্যাহত থাকবে।”

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শীর্ষ সম্মেলনকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার বদলে যাওয়া সম্পর্কের ‘শুরু’ হিসেবে দেখছে।

“আধা দিনের এই সম্মেলন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তরের সব সমস্যার তাৎক্ষণিক সমাধান দেবে এমনটা কেউই প্রত্যাশা করে না,” বলেছে তারা।