২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ায় দূতাবাস ফের চালু করবে মালয়েশিয়া

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jun 2018, 08:30 PM

Updated : 08 Apr 2022, 06:31 PM

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যামকে কুয়ালালামপুর বিমানবন্দরে রাসায়নিক বিষ দিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিনের মিত্র দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়।

যার জেরে পিয়ংইয়ংয়ে দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেয় মালয়েশিয়া।

জাপান সফরে যাওয়ার পথে সোমবার ‘নিক্কি এশিয়ান রিভিয়্যু’ তে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, “হ্যাঁ, আমরা দূতাবাস পুনরায় চালু করব।”

গতবছর এপ্রিল থেকে পিয়ংইয়ংয়ে মালয়েশিয়ার দূতাবাস খালি পড়ে আছে এবং দেশটির আগের সরকার সেটি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে বেইজিং মিশনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে বিমানবন্দরে ভিয়েতনামের দুই নারী ভিএস নার্ভ এজেন্ট দিয়ে ন্যামকে হত্যা করেন। এ হত্যাকাণ্ডের পেছনে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের হাত ছিল বলে অনেকের ধারণা।

মালয়েশিয়ায় ওই দুই নারীর বিচার চলছে। তাদের দাবি, তাদেরকে মিথ্যা বলে এ কাজ করানো হয়েছে। তারা নিজেরাই প্রতারিত হয়েছেন।

ন্যাম হত্যাকাণ্ড নিয়ে মালয়েশীয় পুলিশ তদন্ত শুরু করার পর উত্তর কোরিয়ার তৎকালীন রাষ্ট্রদূত এর সমালোচনা করে বলেছিলেন, “ন্যাম উত্তর কোরিয়ার একজন সাধারণ নাগরিক এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।”

মালয়েশিয়া তারপর উত্তর কোরিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় এবং নিজেদের নাগরিকদের উপর উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।

সেইসঙ্গে উত্তর কোরিয়ার নাগরিকদের ভিসাবিহীন মালয়েশিয়া ভ্রমণের সুযোগ বাতিল করে।

জবাবে, উত্তর কোরিয়াও পিয়ংইয়ংয়ে বসবাস করা মালয়েশিয়ার সব নাগরিককে দেশত্যাগে বাধা এবং তিনজন কূটনীতিক ও তাদের পরিবারের ছয় সদস্যকে আটকে রাখে।

ন্যামের মৃতদেহ হস্তান্তর এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক উত্তর কোরিয়ার তিন নাগরিককে মুক্তি দেওয়ার পর পিয়ংইয়ং মালয়েশীয় কূটনীতিকদের দেশে ফিরতে দেয়।