জি-সেভেন সম্মেলনের দ্বন্দ্বের ছবি ভাইরাল
শুল্ক ও বাণিজ্য নিয়ে মতবিরোধের জি-সেভেন সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্য দেশগুলোর শীর্ষ নেতাদের মুখোমুখি উত্তেজনার বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
সম্মেলনে অংশ নেওয়া পাঁচটি আলাদা দেশের কর্মকর্তাদের প্রকাশ করা পাঁচটি ছবি নিয়ে চলছে তুলকালাম।
কাছাকাছি মুহূর্তের ওই ছবিগুলোতে সম্মেলনকে ঘিরে প্রত্যেকটি দেশের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি বোঝা যাচ্ছে বলেও মন্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর।
বাণিজ্য নিয়ে মতবিরোধ, ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে ক্ষুব্ধ ইউরোপ ও কানাডার নেতারা এবারের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টকে চেপে ধরবেন বলে আগেই আশঙ্কা করেছিলেন পর্যবেক্ষকরা।
ছবির মার্কিন সংস্করণটিতে ট্রাম্পকে দেখানো হয় পুরো সম্মেলনের মধ্যমণি হিসেবে। ছবি: হোয়াইট হাউস
বসে থাকা ট্রাম্পের আশপাশে কর্মকর্তাদের ভিড়, ছোট টেবিলের অন্যপ্রান্তে খসড়া ঘোষণা হাতে দাঁড়ানো আঙ্গেলা মেরকেল ও ইমানুয়েল ম্যাক্রোঁ তাদের অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তর্কে লিপ্ত- সাধারণভাবে সব ছবিতেই এ বিষয়টি বোঝা গেলেও আদতে প্রত্যেকটিতেই প্রকাশ পাচ্ছে ভিন্ন মেজাজ।
হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্সই প্রথম সম্মেলন অভ্যন্তরের উত্তেজনাকর মুহুর্তের একটি ছবি বাইরের দুনিয়ার কাছে উন্মুক্ত করে দেন। ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডার কর্মকর্তারাও কাছাকাছি মুহুর্তের স্থিরচিত্র দিলে জমে ওঠে ছবির লড়াই।
ছবির মার্কিন সংস্করণটিতে ট্রাম্পকে দেখানো হয় পুরো সম্মেলনের মধ্যমণি হিসেবে। এতে দেখা যাচ্ছে- অস্বস্তির বাতাসের মধ্যেও দুই হাত বুকের কাছে জড়ো করে চেয়ারে পিঠ ঠেকিয়ে বসে আছেন আত্মবিশ্বাসী মার্কিন প্রেসিডেন্ট। তাকে ঘিরে ঝুঁকে থাকা অন্যান্য দেশের নেতা ও কর্মকর্তারা বেশ চিন্তিত।
মার্কিন ছবির প্রত্যুত্তরে দশ মিনিট পর একই মুহুর্তের ভিন্ন একটি ছবি প্রকাশ করে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর। বিপরীতমুখী কোণ থেকে তোলা এ ছবিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিতর্ক করতে দেখা যাচ্ছে। অন্য বিশ্বনেতারা স্থানুর মত দাঁড়িয়ে অনেকটা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন ম্যাক্রোঁর যুক্তি।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিতর্করত ম্যাক্রোঁর যুক্তি অন্য বিশ্বনেতারা স্থানুর মত দাঁড়িয়ে অনেকটা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন। ছবি: ফরাসি প্রেসিডেন্টের দপ্তর
অবশ্য জার্মানদের এ ‘হাপিত্যেশের’ মেয়াদ থাকে সামান্য সময় ধরে। কিছুক্ষণের মধ্যেই জার্মান চ্যান্সেলরের দপ্তর থেকে যে ছবি ছাড়া হয় তাতে ম্লান হয়ে যান অন্যরা।
চলতি বছরের মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড প্রেস ফটোর একটি বিভাগে পুরষ্কারজয়ী আলোকচিত্রী জেজকো ডেনজেলের ওই ছবিতে সন্ধান মেলে প্রভাববিস্তারকারী মেরকেলের।
টেবিলে দুই হাতের থাবা ছড়িয়ে দিয়ে জিজ্ঞাসাবাদের ভঙ্গিতে চ্যান্সেলর মেরকেল ‘নার্ভাস’ ট্রাম্পের সঙ্গে কথা বলছেন, মার্কিন কর্মকর্তা ল্যারি কুদলোর মাথার কারণে ম্যাক্রোঁর মুখের অনেকটাই ঢাকা, টেরিজা মেও প্রায় অদৃশ্য- জার্মান সরকারের হয়ে কাজ করা ডেনজেলের ছবিতে এমনটাই ফুটে উঠেছে।
ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ কন্তের দেওয়া ছবিতে উত্তেজনা তেমন একটা নেই।
কেউ কেউ বলছেন, দুষ্টু ছাত্র ট্রাম্পকে শিক্ষক মেরকেলের বকা দেওয়ার শিল্পিত উপস্থাপন এ ছবি। কারও কারও মতে, এটি হতে পারে ‘বডি ল্যাঙ্গুয়েজ’ শিরোনামের চিত্রকর্মের প্রকৃষ্ট উদাহরণ।
ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ কন্তেও কাছাকাছি মুহুর্তের একটি ছবি দিয়েছেন। সেখানে অবশ্য উত্তেজনা তেমন নেই। ছবির এই ইতালিয়ান সংস্করণে পেছন ফেরা কন্তেকে ম্যাক্রোঁ ও মেরকেলের সঙ্গে খসড়া নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে।
কাছাকাছি মুহুর্তের আরেকটি ছবি অবশ্য একেবারেই অন্যরকম। ট্রাম্পের কথা বলার সময় ট্রুডো, ম্যাক্রোঁ, বোল্টন সবাই সেখানে হাস্যজ্জ্বল।
সব শেষের এ ছবিটা প্রকাশ করে আয়োজক দেশ কানাডা। জি-৭ সম্মেলনের এবারের চেয়ারম্যান এবং শান্তি প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন কানাডার ছবিতে মার্কিন প্রেসিডেন্টকে অন্যদের সঙ্গে সমানতালে মিশতে দেখা যাচ্ছে। বিরোধ মেটাতে সবার আন্তরিকতাও বোঝা যাচ্ছে। ওর মাঝেই অভিভাবকের চোখ ট্রুডোর, মনে হচ্ছে- দ্বন্দ্ব মেটাতে তিনিই রেফারিং করছেন।
