২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় আল শাবাবের হামলায় মার্কিন সেনা নিহত

সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় এক মার্কিন সৈন্য নিহত ও অপর চার জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 08:21 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাতে সোমালিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনী ও কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৮০০ সৈন্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন্স বাহিনীর যুদ্ধরত সেনাদের ওপর হামলা হয়।

মর্টার ও হালকা অস্ত্রের সাহায্যে চালানো ওই হামলায় যুক্তরাষ্ট্রের সেনারা হতাহত হন।

শুক্রবার রাতেই এই হামলার দায় স্বীকার করে আল শাবাবের সামরিক অভিযান বিষয়ক মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব রয়টার্সকে বলেছেন, “জুবাল্যান্ড রাজ্যে আমরা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে এক মার্কিন সৈন্য, দুই কেনিয়ান সৈন্য এবং নয় সোমালি সৈন্যকে হত্যা করেছি। চার মার্কিন সৈন্যকে আহতও করেছি।”

সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কিসমায়োতে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন তিনি। 

শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় তাদের এক কমান্ডো নিহত ও চার সৈন্য আহত হওয়ার পাশাপাশি সোমালিয়ার এক সৈন্যও আহত হয়েছেন।

জঙ্গিদের দখলে থাকা কয়েকটি গ্রাম জঙ্গিমুক্ত করতে গিয়ে সৈন্যরা হামলায় শিকার হয় বলে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে শুক্রবার তাদের সেনারা সোমালিয়ায় কোনো অভিযানে জড়িত ছিল না বলে রয়টার্সকে জানিয়েছেন কেনিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র ডেভিড অবোনিয়ো।

যুক্তরাষ্ট্রের প্রায় ৫০০ সেনাকে সোমালিয়ায় মোতায়েন করা হয়েছে।

সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে ক্ষমতা থেকে হটানোর এবং দেশটিতে তাদের নিজেদের ধরনের ইসলামিক শরিয়া আইন চালুর লক্ষ্যে লড়াই করছে আল শাবাব।

২০১১ সালে সোমালিয়ার রাজধানী মোগাদিশু ও দেশটির অধিকাংশ শহরের নিয়ন্ত্রণ হারালেও রাজধানীর বাইরে গোষ্ঠীটির শক্তিশালী উপস্থিতি রয়েছে।