২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ট্রাম্প-আবে বৈঠক

সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে শীর্ষ সম্মেলন সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 10:06 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

বৃহস্পতিবারের এ বৈঠক শেষে ট্রাম্প বলেছেন, তারা বাণিজ্য সম্পর্ক উন্নত করতে কাজ করছেন এবং আবে যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।

যৌথ এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, জাপান শত শত কোটি ডলারের অতিরিক্ত পণ্য কিনছে। তিনি বলেন, আমরা আমাদের বাণিজ্য ঘাটতি দূর করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।

ধাতব শিল্পে যুক্তরাষ্ট্রের ‍শুল্ক আরোপ করা কয়েকটি দেশের তালিকায় রয়েছে জাপানও। জাপান থেকে আমদানি করা গাড়ির ওপরও যুক্তরাষ্ট্র প্রশাসন করারোপ করেছে।

ট্রাম্প পরিষ্কার করে দিয়ে বলেছেন, জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য তিনি একটি দ্বিপক্ষীয় চুক্তি চান। ওদিকে, আবের সরকার বলছে, বহুমুখী একটি চুক্তি করাটাই সবচেয়ে ভাল হবে।

বাণিজ্যের বিষয়টি ছাড়াও ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়া নিয়ে মত বিনিময় হয়েছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী আবে।