২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টকহোমে লরি হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

সুইডেনের স্টকহোমে গত বছর লরি চাপা দিয়ে পাঁচজনকে হত্যাকারী রাখমাত আকিলভকে সন্ত্রাসবাদের অভিযোগে দোষীসাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 08:38 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

উজবেকিস্তানের নাগরিক ৪০ বছরের আকিলভ হামলার সময় মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতি সমর্থন প্রকাশ করেছিল।

যদিও আইএস এ হামলায় জড়িত থাকার দাবি করেনি। যে কারণে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আকিলভের বিরুদ্ধে রাষ্ট্রের ক্ষতি সাধনের উদ্দেশ্যে হামলা প্রমাণ করতে হয়েছে।

২০১৪ সালে উজবেকিস্তান থেকে সুইডেন আসেন আকিলভ। সেখানে তিনি অভিবাসন প্রার্থনা করেন। কিন্তু ২০১৬ সালের ডিসেম্বরে তার আবেদন বাতিল হয়ে যায় এবং তাকে চার সপ্তাহের মধ্যে সুইডেন ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

তারপরই আকিলভ আত্মগোপনে চলে যান। হামলার কয়েক মাস  আগে ‘ওয়ান্টেড’ তালিকায় তার নাম উঠে।

গত বছর ৭ এপ্রিলে আকিলভ একটি লরি ছিনতাই করে স্টকহোমের কুইন স্ট্রিটের ব্যস্ত শপিং এলাকায় সেটি দ্রুতগতিতে চালিয়ে দিয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়ে।

ওই হামলায় পাঁচজন নিহত এবং আরও ১০ জন আহত হন।

পরে পুলিশ লরির ভেতর একটি বড় বিস্ফোরক পায়। কয়েকটি গ্যাস সিলিন্ডার দিয়ে তৈরি ওই বিস্ফোরকটিতে আগুন ধরলেও সেটি বিস্ফোরিত না হওয়া বড় ধরনের প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া যায়।

হামলার পর রক্তাক্ত শরীর নিয়েই আকিলভ পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। কিন্তু কয়েক ঘন্টা পর স্টকহোমের উত্তরের উপকণ্ঠ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেন।

আকিলভ পাঁচ ব্যক্তিকে হত্যা এবং ঘটনাস্থলে উপস্থিত আরও ১১৯ জনকে হত্যার চেষ্টা অভিযোগে দোষীসাব্যস্ত করা হয়।

বৃহস্পতিবার আদালতের রায়ে বলা হয়, “আকিলভ সরাসরি যত বেশি সম্ভব মানুষ হত্যা করতে চেয়েছিল।”

সুইডেনে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ১৬ বছর।