রমজানে আরব আমিরাতের চোরদের চোখ মসজিদগুলোর দামি জুতায়
নামাজের সময় প্রার্থনাকারীদের বাহারি ও দামি জুতা চুরি ঠেকাতে শারজাহ ও আজমান প্রদেশের মসজিদগুলোর প্রবেশ পথে গোপন পুলিশ মোতায়েন করেছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটির বাজারে সহজলভ্য নয় এমন অনন্য নকশার জুতায় চোখ থাকে চোরদের। চুরির পর সেসব নকশা নকল করে বানানো জুতা বিদেশের বাজারে বিক্রি করা হয় বলে জানতে পেরেছে পুলিশ।
রমজান মাস শুরুর পর থেকে মসজিদগুলোর ফটকে এ ধরনের অপকর্ম বন্ধে গোপন নজরদারি বাড়ানো হয়েছে বলে আজমান পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে খালিজ টাইমস।
“অনেক চোরই হাতেনাতে ধরা পড়েছে,” বলেছেন পুলিশের ওই কর্মকর্তা।
ধৃত ব্যক্তিরা বাহারি নকশার দামি জুতা চুরির কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশের ওই সূত্র।
ক্যামেরায় নজরদারি এবং সন্দেহজনক কর্মকাণ্ডের খোঁজে থাকা গোপন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ায় আগের তুলনায় এ বছরের রমজানে জুতা চুরির পরিমাণ কমে এসেছে বলেও জানিয়েছেন শারজাহ পুলিশের এক কর্মকর্তা।
“জুতা ও পার্কিং লটের গাড়িগুলোতে থাকা মূল্যবান জিনিসপত্রের চুরি ঠেকাতে আমরা মসজিদের চারপাশে টহলের সংখ্যা বাড়িয়েছি। পুলিশের জনসংযোগ ও নৈতিক দিকনির্দেশনা বিভাগ গাড়ির ভেতর মূল্যবান জিনিসপত্র ছেড়ে না যেতে জনগণের সচেতনতা বৃদ্ধিতে প্রচারাভিযানও শুরু করেছে,” বলেন তিনি।
৭০ শতাংশ ক্ষেত্রে চুরির ঘটনাগুলোর খবর দিয়েছে জনসাধারণ; পুলিশের টহলে ধরা পড়েছে বাকি ৩০ শতাংশ।
চুরি ঠেকাতে জনাকীর্ণ এলাকা বিশেষ করে মসজিদের আশপাশে টহলের পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
