সৌদি নারীদের হাতে ড্রাইভিং লাইসেন্স
প্রথমবারের মত নারীদের ড্রাইভিং লাইসেন্স দিয়েছে সৌদি আরব সরকার। এরমধ্য দিয়ে দেশটিতে নতুন যুগের শুরু হলো।
সোমবার দেশ জুড়ে ১০ জন নারী বিদেশ থেকে পাওয়া তাদের লাইসেন্স বদল করে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেছেন বলে জানায় বিবিসি।
সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আগামী সপ্তাহে দেশের আরও দুই হাজার নারী ড্রাইভিং লাইসেন্স পাবেন বলে আশা করা হচ্ছে।”
যে ১০ জন নারী সোমবার সৌদি ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করেছেন তাদের নাম ‘ইতিহাসের পাতায় রয়ে যাবে’ বলেও ওই বিবৃতিতে বলা হয়।
লাইসেন্স হাতে পাওয়া নারীদের একজন রিমা জাওদাত।
তিনি বলেন, “আমার স্বপ্ন সত্যি হয়েছে, আমি এই দেশে গাড়ি চালাতে পারবো।
“আমার কাছে গাড়ি চালাতে পারা মানে নিজের পছন্দ বেছে নেওয়ার স্বাধীনতা। এখন আমাদের সেই সুযোগ আছে।”
অথচ সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ ছিল যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হত না।
সম্প্রতি দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘কট্টরপন্থা’ উপড়ে ফেলে ‘মধ্যপন্থার’ ইসলাম ধর্মে ফেরার অঙ্গীকার করেছেন।
মধ্যপন্থি ইসলামের প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি আধুনিক সৌদি আরব গড়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন।
যার অংশ হিসেবে গত বছর তিনি বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেন। যার একটি হলো নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া।
গত বছর সেপ্টেম্বরে এক ডিক্রি জারি করে ওই অনুমতি দেওয়া হয়, আগামী ২৪ জুন থেকে যা কার্যকর হওয়ার কথা রয়েছে।
যদিও এখনও দেশটিতে নারীদের গাড়ি চালানোর অধিকার দাবি করায় ধড়-পাকড় চলছে বলে অভিযোগ নারী অধিকাররক্ষা কর্মীদের।
এ কারণে গত মাসে দেশটিতে অন্তত ১১ নারী অধিকার রক্ষা কর্মীকে আটক করা হয়। রাষ্ট্রায়াত্ত সংবাদ মাধ্যমগুলোতে তাদের ‘বিশ্বাসঘাতক’ এবং ‘বিদেশিদের গুপ্তচর’ বলে বর্ণনা করা হয়েছিল বলে জানায় দ্য গার্ডিয়ান।
যদিও সপ্তাহখানেক পর তাদের চারজনকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের ভাগ্য এখনও অনিশ্চিত।
