২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোগের কাভারে চালকের আসনে সৌদি প্রিন্সেসকে নিয়ে হইচই

ভোগ ম্যাগাজিনের আরব সংস্করণের জুন সংখ্যার কাভার ফটোতে স্টিয়ারিং হাতে গাড়ির চালকের আসনে সৌদি আরবের এক প্রিন্সেসের হাজির হওয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 01:32 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

রক্ষণশীল সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা ছিল।

সম্প্রতি দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘কট্টরপন্থা’ উপড়ে ফেলে ‘মধ্যপন্থার’ ইসলাম ধর্মে ফেরার অঙ্গীকার করেছেন।

মধ্যপন্থি ইসলামের প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি আধুনিক সৌদি আরব গড়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন।

যার অংশ হিসেবে গত বছর তিনি বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেন। যার একটি হলো নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া।

গত বছর এক ডিক্রি জারি করে ওই অনুমতি দেওয়া হয়, আগামী ২৪ জুন থেকে যা কর‌্যকর হওয়ার কথা রয়েছে।

অথচ নারীদের গাড়ি চলানোর অধিকার দাবি করায় গত মাসে দেশটিতে অন্তত ১১ নারী অধিকার রক্ষা কর্মীকে গ্রেপ্তার করা হয়।

রাষ্ট্রায়াত্ত সংবাদ মাধ্যমগুলোতে তাদের ‘বিশ্বাসঘাতক’ এবং ‘বিদেশিদের গুপ্তচর’ বলে বর্ণনা করা হয়েছিল বলে জানায় দ্য গার্ডিয়ান।

যার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভোগের কাভার ফটোতে আসা প্রিন্সেস হাইফা বিনতে আব্দুল্লাহ আল সৌদের ছবি পোস্ট করে তার উপর গ্রেপ্তার নারী অধিকার রক্ষা কর্মীদের ছবি সেঁটে দিয়েছেন।

ভোগের কাভার ফটোতে প্রিন্সেস হাইফাকে হাতে চামড়ার কালো রঙয়ের গ্লভস এবং পায়ে উঁচু হিল জুতা পরে একটি লাল রঙ এর গাড়ির স্টিয়ারিং হাতে পোজ দিতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর মেয়ে প্রিন্সেস হাইফা বলেন, “আমাদের দেশে অনেক অনেক রক্ষণশীল মানুষ আছেন যারা পরিবর্তনে ভয় পান। অনেকের জন্য তারা যা জানেন সেটাই সব।

“ব্যক্তিগতভাবে, পরিবর্তনের এ উদ্যোগগুলোকে আমি দারুণভাবে সমর্থন করি।”

মে মাসে আটকদের মধ্যে অন্তত চারজনকে গত সপ্তাহে মুক্তি দেওয়া হয়েছে বলে জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যদিও বাকিদের ভাগ্য এখনও অনিশ্চিত।