২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের সাবেক সহযোগীর বিরুদ্ধে সাক্ষীকে প্রভাবিত করার অভিযোগ

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্টের বিরুদ্ধে মুদ্রাপাচার মামলার সম্ভাব্য সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ এনেছেন মার্কিন তদন্ত কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 03:45 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্তরত স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার বলেছেন, জামিনের শর্ত ভঙ্গ করে ম্যানাফোর্ট তার বিরুদ্ধে হওয়া মুদ্রাপাচার ও কর ফাঁকির মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন।

৬৯ বছর বয়সী ম্যানাফোর্ট তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

ট্রাম্পের সাবেক এ সহযোগীর বিরুদ্ধে আনা এ অভিযোগের সঙ্গে ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনে মস্কো ও রিপাবলিকান শিবিরের যোগসাজশ বিষয়ক সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও শুরু থেকেই তার নির্বাচনী শিবিরের সঙ্গে রাশিয়ার কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আসছেন। এ সংক্রান্ত তদন্তকে ধারাবাহিকভাবে ‘উইচ হান্ট’অ্যাখ্যা দিয়ে যাচ্ছেন তিনি।

মুদ্রা পাচার ও অবৈধ লবিংয়ের অভিযোগে চলতি বছরের সেপ্টেম্বরে ম্যানাফোর্টের বিচার শুরু হওয়ার কথা। কর ফাঁকির অন্য মামলাটির বিচার শুরু হবে আগামী বছর।

ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ইউক্রেইনের সাবেক রাশিয়াপন্থি সরকারের ভাবমূর্তি উজ্জ্বলের কাজে লবিস্ট হিসেবে কোটি কোটি ডলার নেওয়ার অভিযোগ আছে ম্যানাফোর্টের বিরুদ্ধে। লবিং করলেও এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করেননি তিনি।

মুলার বলছেন, ওই অবৈধ লবিংয়ের বিষয়ে সাক্ষ্য দিতে পারেন এমন ব্যক্তিদের সঙ্গেই ম্যানাফোর্ট যোগাযোগ করেছেন।

সাক্ষীদের সঙ্গে এ ধরনের যোগযোগ ‘তাদের সাক্ষ্যে প্রভাব এবং কোনো কোনো ক্ষেত্রে প্রমাণ লোপাটের কারণও হতে পারে’, আদালতকে লেখা এক পৃথক ঘোষণায় এ সন্দেহের কথা জানিয়েছেন মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ব্রুক ডুমিন।

২০১৬-র অগাস্টেই ট্রাম্প শিবিরের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন ম্যানাফোর্ট। গত বছর অক্টোবরে অভিযোগ আনার পর থেকেই তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

বন্দিত্ব থেকে মুক্তির বিষয়টি পর্যালোচনা করতে বিচারকের কাছে অনুরোধও জানিয়েছিলেন ট্রাম্পের এ সাবেক সহযোগী।

সাক্ষীদের প্রভাবিত করা বিষয়ক নতুন অভিযোগ বিষয়ে ম্যানাফোর্টের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

রিপাবলিকান শিবিরের সাবেক এ প্রচার ব্যবস্থাপকের বিরুদ্ধে গত বছর থেকে শুরু হওয়া তদন্তে এখন পর্যন্ত ২২ জন আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ জন রুশ নাগরিক, বাকিরা মার্কিন।

অভিযুক্তদের মধ্যে ট্রাম্প প্রশাসন ও তার প্রচার শিবিরের সাবেক তিন কর্মকর্তাও আছেন। এরা হলেন- ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন, প্রচার শিবিরের সাবেক সহ-ব্যবস্থাপক রিক গেইটস ও সাবেক পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা জর্জ পাপাদোপুলস।

প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ক মূল তদন্তে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া এ তিনজনের বিরুদ্ধেও মামলার সঙ্গে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা কাজ করছেন বলেও জানিয়েছে বিবিসি।