আমার নিজেকে ক্ষমা করার সম্পূর্ণ অধিকার আছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তের মধ্যেই নিজের ক্ষমতা জাহির করলেন ডোনাল্ড ট্রাম্প।
সোমবার এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “নামিদামি আইন বিশেষজ্ঞদের বর্ণনা অনুযায়ী, আমার নিজেকে ক্ষমা করার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু আমি যেখানে কোনো অন্যায় করিনি সেখানে কেন আমি এটা করবো?
“এদিকে, ১৩ জন রাগী ও মতবিরোধী ডেমক্রেটিকের (এবং অন্যরা) নেতৃত্বে কখনো শেষ না হওয়া উইচ হান্ট মধ্যবর্তী নির্বাচনের সময়ও চলবে।”
অভিযোগ আছে, ট্রাম্পকে জেতাতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া অবৈধ হস্তক্ষেপ করেছিল।
যদিও ট্রাম্প শিবির এবং রাশিয়া উভয়ই বারবার এ অভিযোগ অস্বীকার করে আসছে।
রবার্ট মুলার নেতৃত্বাধীন স্পেশাল কাউন্সিল নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছে।
ট্রাম্প ওই তদন্তকে ‘উইচ হান্ট’ বলে বর্ণনা করেন।
গত জানুয়ারিতে ট্রাম্পের আইনজীবীরা মুলারকে লেখা এক চিঠিতে বলেছিলেন, ট্রাম্প যদি চান ‘তবে তিনি এই তদন্ত বন্ধ করে দিতে পারেন বা ইচ্ছা করলে তিনি প্রেসিডেন্টের ক্ষমতা বলে নিজেকে ক্ষমাও করে দিতে পারেন’।
এ বিষয়ে রোববার ট্রাম্পের আইনজীবী রুডি গুলিয়ানি বলেন, প্রেসিডেন্টের ‘সম্ভবত’ নিজেকে ক্ষমা করার অধিকার আছে। কিন্তু এ ধরনের কিছু করলে সেটার রাজনৈতিক ফলাফল ‘কঠোর’ হবে।
