২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে সংঘর্ষের পর শিলংয়ে সেনা তলব

দুই সম্প্রদায়ের মধ্যে মারামারির জেরে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সেখানে সেনা তলব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 10:04 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

পুরো খাসি পাহাড় অঞ্চলে মোবাইল ফোনে ইন্টারনেট এবং এসএমএস সার্ভিস আগে থেকেই সাময়িকভাবে বন্ধ আছে।

প্রয়োজনে ব্যক্তিমালিকানাধীন ‘ব্রডব্যান্ড সার্ভিস’ বন্ধ করে দেওয়া হবে বলেও সোমবার জানান স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা।

বাংলাদেশের সীমান্তবর্তী মেঘালয়ের শিলংয়ের কয়েকটি এলাকায় টান চারদিন ধরে বিক্ষুব্ধ জনতার জ্বালাও-পোড়াও এবং ভাংচুর চলছে।

পুলিশ তাদের বাধা দিতে গেলে তারা পুলিশের উপরও হামলা করে। তারপরই রাজ্য সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল।

আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সোমবার গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগরীতে প্যারা-মিলিটারির ১১টি কোম্পানি পাঠানো হয় বলে জানায় এনডিটিভি।

গত বৃহস্পতিবার বিকালে থেম লিউ মাওলংয়ের ‘পাঞ্জাবি লাইন’ এলাকার একদল বাসিন্দা বাসের এক সহকারীকে মারধর করলে পাঞ্জাবি শিখ ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং তিন আদিবাসী কিশোর আহত হয়।

উত্তেজনা থামাতে পুলিশ ব্যবস্থা নিলে পরে তাদের সঙ্গেও উন্মত্ত জনতার সংঘর্ষ বাধে।

যার জেরে স্থানীয় প্রশাসন শুক্রবার রাত ১০টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত শিলংয়ে কারফিউ জারি করে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আহত তিন কিশোরের মধ্যে একজন মারা গেছে এমন ভুয়া খবর ছড়িয়ে পড়ে।

শুক্রবার রাতে বিক্ষুব্ধ জনতা কারফিউ উপেক্ষা করে অভিবাসী পাঞ্জাবিদের কলোনিতে হামলা চালায় এবং একটি বাড়ি ও একটি দোকান পুড়িয়ে দেয়।

এছাড়া রাতভর চলা সংঘর্ষে ৫টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়,  আহত হন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

শনিবার রাতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যদিও অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছিল।

রোববার রাতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতাকে আটকাতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে।

সোমবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে একদল জনতা আবারও কারফিউ উপেক্ষা করে একটি সরকারি কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কেউ ইচ্ছাকৃতভাবে এই সংঘর্ষে উসকানি দিচ্ছে বলে সন্দেহ মুখ্যমন্ত্রী সাংমার।

তিনি এনডিটিভিকে বলেন, “আমরা বুঝতে পারছি জনগণকে অর্থের বিনিময়ে বিশৃঙ্খলা সৃষ্টির উসকানি দেওয়া হচ্ছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দামি মদ ও অর্থ দেওয়া হচ্ছে।”

চলমান সংঘাত সাম্প্রদায়িক দাঙ্গা নয় জানিয়ে তিনি আরও বলেন, “এ বিরোধ জমি নিয়ে...গত ৩০ বছর ধরে দুই পক্ষ একই জমির মালিকানা দাবি করছে। আমরা এর গ্রহণযোগ্য সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”

পুরনো খবর:

কারফিউ উপেক্ষা করে তৃতীয় দিনেও সহিংসতা শিলংয়ে