‘শীর্ষ ৩ সেনা কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন কিম’
উত্তর কোরিয়ার সেনাবাহিনীর শীর্ষ তিন পদে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
‘উত্তর কোরিয়ার শীর্ষ তিন সেনা কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হতে পরে’ দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ুনহাপে এ প্রতিবেদন প্রকাশের পর বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এক মার্কিন কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে রোববার তিনি বলেন, উত্তর কোরিয়ার সেনাবাহিনীর শীর্ষ তিন কর্মকর্তাকে এরইমধ্যে সরিয়ে দিয়ে সেখানে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন কি কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তা এখনও পরিষ্কার নয়।
তবে বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং অর্থনীতি পুনঃগঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে এ পরিবর্তনের মাধ্যমে কিম এবং ক্ষমতাসীন দল কোরিয়ান পিপুলস আর্মির (কেপিএ) উপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পাবে।
আগামী ১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের নজিরবিহীন এক সম্মেলনে বসার কথা রয়েছে।
যদি ওই সম্মেলন সফল হয় তবে তা কোরিয়ার কোনো শীর্ষ নেতার সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক হবে।
কিম-ট্রাম্প বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা।
গত কয়েক সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইনের সঙ্গে দুইবার বৈঠক করেছেন কিম।
ওই দুই বৈঠকে কিম দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটাতে এবং পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হয়েছেন বলে জানান মুন।
আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গবেষণাকারী একটি প্রতিষ্ঠানের পরিচালক কেন গাউস বলেন, “যদি কিম জং-উন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তি স্থাপন করতে চান এবং তাদের পরমাণু প্রকল্পের অন্তত কিছু অংশের কাজ বন্ধ করতে চান তবে তাকে কেপিএ’র প্রভাব বিস্তার রোধ করতে হবে।
“এই রদবদলের মাধ্যমে ওইসব কর্মকর্তাদের সামনে নিয়ে আসা হয়েছে যারা শুধু এটাই করবে। তারা শুধু কিম জং-উনের অনুগত, অন্য কারো নয়।”
