থাইল্যান্ডে মৃত তিমির পেটে ৮০টি প্লাস্টিক ব্যাগ
আশিটি প্লাস্টিক ব্যাগ গলাধঃকরণের পর থাইল্যান্ডের দক্ষিণে পাইলট প্রজাতির একটি তিমি মারা গেছে বলে দেশটির সমুদ্র বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন।
সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা সোংখলা প্রদেশের একটি খালে রেখে তিমিটিকে বাঁচানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয় বলে জানিয়েছে বিবিসি।
এসময়ের মধ্যে তিমিটি বমি করে ৫টি প্লাস্টিক ব্যাগ বের করে দিতে পারলেও বাকিগুলো তার পেটেই রয়ে যায়।
সামুদ্রিক প্রাণী বিষয়ক এক বিশেষজ্ঞ জানান, প্লাস্টিক ব্যাগগুলোর মোট ওজন ছিল প্রায় ৮ কেজি, এগুলোর কারণে তিমিটির পক্ষে খাদ্য গ্রহণ করাই সম্ভব হচ্ছিল না।
“পাকস্থলীতে যতি ৮০টি প্লাস্টিক ব্যাগ থাকে, তাহলে আপনিও মারা যাবেন,” বলেন সমুদ্র জীববিদ্যা বিশেষজ্ঞ থন থামরোংনাওয়াসাওয়াত।
প্লাস্টিক ব্যাগ ও প্লাস্টিকজাত পণ্যকে সমুদ্র ও সামুদ্রিক প্রাণবৈচিত্র্যের জন্য অন্যতম প্রধান হুমকি হিসেবে অভিহিত করে আসছেন বিজ্ঞানীরা।
কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এক দশকের মধ্যে সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ এখনকার তিনগুণ হতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে সতর্কও করা হয়েছে।
থাইল্যান্ডে প্লাস্টিক ব্যাগ ব্যবহারের পরিমাণ অন্যদেশগুলোর তুলনায় বেশি বলে জানিয়েছে বিবিসি।
পরিবেশ বিপর্যয় রোধে এ ধরনের ব্যাগের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের চিন্তা করা হচ্ছে বলে গত মাসেই দেশটির সরকার জানিয়েছিল।
প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্যই প্রতিবছর হাজারো সামুদ্রিক প্রাণীর মৃত্যুর কারণ বলে মত বিশেষজ্ঞদের।
গত সোমবার থাইল্যান্ডের না থাপ খালে অসুস্থ ও সাঁতার কাটতে অক্ষম এ পুরুষ পাইলট তিমিটির সন্ধান পাওয়া যায়।
পরিবেশবিদরা এটিকে ভাসানোর জন্য নৌকার সহায়তা নিয়েছিলেন; তিমিটির জন্য পরে একটি সানশেডও বানানো হয়।
সপ্তাহখানেক ধরে শুশ্রুষার পরও শুক্রবার সন্ধ্যায় তিমিটি মারা যায়।
