২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রবিরতি নিয়ে আফগান সরকার-তালেবান গোপন বৈঠক

আফগান কর্মকর্তাদের সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে গোপনে বৈঠক করছে তালেবান। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ জেনারেল একথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 06:17 PM

Updated : 08 Apr 2022, 06:28 PM

পেন্টাগনে কাবুল থেকে সাংবাদিকদের সঙ্গে বুধবার এক টেলিকনফারেন্সে জেনারেল জন নিকলসন বলেন, এ আলোচনায় বিদেশি সরকার এবং আন্তর্জাতিক সংগঠনগুলোও জড়িত আছে।

মধ্য ও উপর পর্যায়ের তালেবান নেতারা আফগান সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন এবং তলে তলে আরো অনেক ধরনের কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানান নিকলসন।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি গত ফেব্রুয়ারি মাসে তালেবানকে আলোচনার প্রস্তাব দিয়ে বলেছিলেন, তারা অস্ত্রবিরতি মেনে নিয়ে দেশের সংবিধানকে স্বীকার করে নিলে তাদেরকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেওয়া হতে পারে। কিন্তু তালেবান গোষ্ঠী সে সময় এ প্রস্তাব মেনে নেয়নি।

এরপর থেকেই চলমান সহিংসতায় দুই পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। বুধবার রাজধানী কাবুলের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এর মধ্য দিয়ে তারা তাদের হামলা চালানোর সক্ষমতা প্রদর্শন করেছে।

এ হামলার পেছনে তালেবান এবং হাক্কানি নেটওয়ার্ক জড়িত বলে প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছেন জেনারেল নিকলসন। যদিও ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।

অন্যদিকে, তালেবান গোষ্ঠী লোগার প্রদেশের রাজধানীতে একটি পুলিশ স্টেশনে হামলার দায় স্বীকার করেছে। ওই হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ ৭ জন নিহত হয়েছে।

তবে নিকলসন বলছেন, কিছু কিছু তালেবান জঙ্গি শান্তি আলোচনায় যোগ দেওয়ায় আফগানিস্তানে সহিংসতার মাত্রা এখনো গড় মাত্রার চেয়ে কম আছে।

আফগানিস্তানের পরিস্থিতিকে কলম্বিয়ার (যেখানে ৫০ বছরের গৃহযুদ্ধ থেকে শান্তি চুক্তি হয়েছে) সঙ্গে তুলনা করে জেনারেল নিকলসন বলেছেন, সহিংসতা এবং শান্তি আলোচনার অগ্রগতি দুটোই একসঙ্গে চলতে পারে।