বাক্সে লেখা ‘হালাল মাংস’, ভিতরে কোকেন
কন্টেইনারবাহী একটি জাহাজে করে আসা কোকেনের একটি বিশাল চালান আটক করেছে আলজেরিয়ার কর্তৃপক্ষ।
ব্রাজিল থেকে হিমায়িত মাংস নিয়ে আসা ওই জাহাজটি আলজেরিয়া আসার আগে স্পেনের ভ্যালেন্সিয়া বন্দরে নোঙর করেছিল বলে জানিয়েছে বিবিসি।
আলজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় বন্দর ওরানে জাহাজটির মাল খালাসের কথা ছিল। কিন্তু ক্যাপ্টেন জাহাজটি তিন দিনের জন্য বন্দরে ভেড়াতে রাজি না হলে সন্দেহ দেখা দেয়।
গোপনে পাওয়া তথ্যের ভিত্তিতে আলজেরীয় কোস্টগার্ড জাহাজটিকে বন্দরে ভেড়াতে বাধ্য করে জাহাজটিতে তল্লাশি চালায়।
তল্লাশিকালে লাইবেরিয়ায় রেজিস্ট্রিকৃত ভেগা মার্কারি নামের ওই জাহাজের ভিতর থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৭০০ কেজিরও বেশি কোকেন উদ্ধার করা হয়।
এরপর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করে কোস্টগার্ড।
কথিত হিমায়িত মাংসের কয়েকটি বাক্সে কোকেনের প্যাকেটগুলো পাওয়া যায়। ওই বাক্সগুলোর ওপরে ছাপ মারা ‘হালাল মাংস’ লেখা ছিল।
