মডেলদের হিজাব পরিয়ে ইতিহাস গড়া ডিজাইনারের জেল
নিউ ইয়র্ক ফ্যাশন সপ্তাহে মডেলদের হিজাব পরিয়ে ইতিহাস সৃষ্টি করা ইন্দোনেশিয়ার ফ্যাশন ডিজাইনার আনিসা হাসিবুয়ানকে জালিয়াতির অভিযোগে ১৮ বছরের জেল দিয়েছে জাকার্তার আদালত।
হাসিবুয়ান ও তার স্বামী তাদের পরিচালিত ট্রাভেল এজেন্সি ’ফার্স্ট ট্রাভেল’ এর মাধ্যমে প্রতারণা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
২০০৯ সালে জাকার্তা-ভিত্তিক এ ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠা করেছিলেন হাসিবুয়ান দম্পতি। সৌদি আরবে ভ্রমণের ব্যবস্থা করাই এজেন্সির কাজ। কিন্তু গত বছর থেকে অর্থ নিয়েও তারা কাউকে সৌদি আরবে পাঠাননি।
কৌঁসুলিরা আদালতকে বলেছেন, মক্কায় ছোট পরিসরে একটি তীর্থযাত্রার আয়োজন করার জন্য তাদেরকে ৬ কোটি ডলার দেয়া হয়েছিল। কিন্তু সে ভ্রমণটি আর হয়নি এবং তারা সেই অর্থ আত্মসাৎ করেছেন।
আদালত হাসিবুয়ানের স্বামীকেও একই অভিযোগে ২০ বছরের জেল দিয়েছে। এছাড়াও এ দম্পতিকে ১ হাজার কোটি রুপিয়া করে জরিমানা করা হয়েছে।
২০১৬ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে প্রথমবারের মতো আনিসা হাসিবুয়ানের করা ডিজাইনের পোশাক ও হিজাব পরে ক্যাটওয়াকে অংশ নিয়েছিলেন মডেলরা।
ইসলামিক ফ্যাশন জগতে সামনের সারির ডিজাইনার হিসেবে পরিচিতি পাওয়া হাসিবুয়ানের কাজ দেখানো হয়েছে লন্ডন, ইস্তাম্বুল এবং কান এর ফ্যাশন অনুষ্ঠানেও।
নিজের কাজ সম্পর্কে ২০১৬ সালে তিনি বিবিসি’কে বলেছিলেন ‘রাজকন্যা-রানিরাই তাকে অনুপ্রাণিত করেছে’।
