২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছরের এমএইচ৩৭০ অনুসন্ধান অভিযান সমাপ্ত

শেষ পর‌্যন্ত রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজ এমএইচ৩৭০’র চার বছরব্যাপী অনুসন্ধান অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 11:25 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

যদিও গত বছরই সরকারিভাবে এমএইচ৩৭০ অনুসন্ধান শেষ করা হয়েছিল। কিন্তু ব্যক্তিগতভাবে তহবিল সংগ্রহ করে খোঁজ চালিয়ে যাওয়া হচ্ছিল।

যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি ‘ওসান ইনফিনিটি’ এ অনুসন্ধান চালাচ্ছিল। তারা ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলের বিস্তৃত এলাকা জুড়ে বিমানটির হদিস পাওয়ার চেষ্টা চালিয়েছে বলে জানায় বিবিসি।

কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি। মালয়েশিয়ার নতুন সরকারও নিখোঁজ উড়োজাহাজটির তল্লাশি কাজ আবারও শুরুর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে।

২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার পথে উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে উধাও হয়ে যায়।

তারপর থেকে মালয়েশিয়াসহ আরও বেশ কয়েকটি দেশ ব্যাপক খোঁজ চালানোর পরও রহস্যের কোনো কূলকিনারা করতে পারেনি।

এমএইচ৩৭০ উড়োজাহাজটির ভাগ্যে আসলে কি হয়েছিল তা নিয়ে নানা বিতর্ক রয়েছে।

গ্রেসি নাথান নামে এক নারীর মা ওই ফ্লাইটের যাত্রী ছিলেন। তিনি অনুসন্ধান অভিযান বন্ধের ঘোর বিরোধিতা করে বলেন, “চার বছর পেরিয়ে গেছে, এরপরও কেন লোকজন এটি নিয়ে কথা বলছে। নিশ্চয়ই এখনও লোকজনের কাছে এর গুরুত্ব আছে।”