২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় আছড়ে পড়ে দুর্বল হল ক্রান্তীয় ঝড় আলবার্টো

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্ব অঙ্গরাজ্য ফ্লোরিডার দক্ষিণাংশে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়েছে আটলান্টিক মহাসাগর থেকে উদ্ভূত মৌসুমের প্রথম ক্রান্তীয় ঝড় আলবার্টো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 11:24 AM

Updated : 08 Apr 2022, 06:27 PM

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার পানামা সিটির কাছে আলবার্টো আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগেরদিন অন্য একটি ঝড়ে মেরিল্যান্ডের এলিকট শহরতলি লণ্ডভণ্ড হওয়ার পর বন্যা দেখা দেয় এবং উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া এক ব্যক্তি নিখোঁজ হয়। 

আলবার্টোর কারণেও ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকায় তুমুল বর্ষণ ও বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।

আলবার্টোর কারণে দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর উপকূলীয় সাগরে ঢেউয়ের মাত্রা বিপজ্জনক হতে পারে বলে এর আগে আবহাওয়া পূর্বাভাসে সতর্ক করা হয়েছিল।

এই ক্রান্তীয় ঝড়টি মিসিসিপি থেকে পশ্চিম জর্জিয়া পর্যন্ত সর্বোচ্চ ১২ সেন্টিমিটার বৃষ্টিপাত ও সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে আসছে আশঙ্কা করা হলেও ফ্লোরিডার দিকে অগ্রসর হওয়ার পথে এটি শক্তি হারায়।

সোমবার পানামা সিটির কাছে আঘাত হানার সময় আলবার্টোর বাতাসের বেগ ঘণ্টায় ৭৫ কিলোমিটারে নেমে আসে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।

শহরটির দমকল বাহিনীর সহকারী প্রধান গ্যারি সোয়ারিনজেন জানান, বৃষ্টি ও বাতাস বেশ কয়েকটি গাছকে উপড়ে ফেললেও কাউকে উদ্ধারের প্রয়োজন পড়েনি।

সাধারণত ১ জুন থেকে যুক্তরাষ্ট্রে ‘হারিকেন সিজন’ শুরু হয়। কিন্তু এবার আটলান্টিক থেকে উদ্ভূত বছরের প্রথম ক্রান্তীয় ঝড় আলবোর্টো আগেভাগেই শক্তি অর্জন করে দেশটির দক্ষিণ উপকূলে আঘাত হানল।

মার্কিন সশস্ত্র বাহিনীর নিহত সদস্যদের স্মরণে মেমোরিয়াল ডে-র ছুটির মধ্যে আঘাত হানা আলবার্টোয়  যান চলাচলও বিপর্যস্ত হয়েছে। ঝড়ের কারণে কর্তৃপক্ষ ফ্লোরিডার ফ্রাঙ্কলিন ও টেইলর কাউন্টির উপকূলীয় বাসিন্দাদের বাধ্যতামূলভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

মঙ্গল ও বুধবার টেনেসি উপত্যাকার উপর দিয়ে যাওয়ার সময় আলবার্টো তীব্র বাতাস ও তুমুল বর্ষণের কারণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এনএইচসি।

পৃথক আরেকটি ঝড়ের আঘাতে মেরিল্যান্ডের এলিকট শহরতলিতে দেখা দেওয়া বন্যায় রোববার ৩৯ বছর বয়সী এক ব্যক্তি ভেসে যান বলে হাওয়ার্ড কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন। নিখোঁজ ব্যক্তি বন্যাক্রান্তদের উদ্ধারের চেষ্টাকালে নিজেই বন্যার পানিতে ভেসে যান।

গত বছর যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানা শক্তিশালী বেশ কয়েকটি হারিকেনে কয়েকশ ডলার ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশাল এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছিল এবং হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়েছিল।