২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের তামিল নাড়ুতে কপার কারখানা বন্ধের নির্দেশ

রক্তাক্ত বিক্ষোভের পর শেষ পর্যন্ত ভারতে তামিল নাড়ুর বন্দরনগরী তুতিকোরিনে স্টারলাইট কোম্পানির কপার গলানোর কারখানাটি চিরতরে বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 10:26 PM

Updated : 08 Apr 2022, 06:26 PM

ভয়াবহ মাত্রায় পরিবেশ দূষণ হচ্ছে অভিযোগে গত তিনমাস ধরেই তুতিকোরিনের হাজার হাজার মানুষ ‘স্টারলাইট কপার স্মেল্টিং প্ল্যান্ট’ বন্ধের দাবিতে বিক্ষোভ করে আসছিল।

কিন্তু গতসপ্তাহে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় এবং পুলিশের গুলিতে ১৩ বিক্ষোভকারী নিহত হয়।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সোমবার এক বিবৃতিতে বলেন, “মানুষের আবেগ-অনুভূতিকে সম্মান জানিয়ে আমরা ওই প্ল্যান্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হয়েছে।”

প্ল্যান্টটি থেকে মাত্র তিন কিলোমিটার দূরের গ্রাম সিলভারপুরাম। সেখানে প্রতিটি ঘরে একাধিক ক্যান্সার আক্রান্ত মানুষ রয়েছেন বলে জানায় এনডিটিভি।

১৯৯৬ সালে কারখানাটির যাত্রা শুরু হওয়ার পর থেকেই সেটির পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ শুরু হয়। কারখানাটি বন্ধের দাবিতে মামলা হয় এবং ২০১০ সালে মাদ্রাস হাইকোর্ট সেটি বন্ধের আদেশ দেয়।

কিন্তু তিন বছর পর সুপ্রিম কোর্ট ওই রায় স্থগিত করে। সেইসঙ্গে কোম্পানিকে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।