২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রাম্প-কিম বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুন’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন শীর্ষ বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 08:17 PM

Updated : 08 Apr 2022, 06:27 PM

আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে কিমের বিরল এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে বৈঠকের প্রস্তুতি নিয়ে উভয় পক্ষের কর্মকর্তারা আলোচনায় বসবেন।

আলোচনার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি দল উত্তর কোরিয়ায় পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউজের কর্মকর্তারা বলছেন, দু’দেশের কর্মকর্তাদের আলোচনার ওপরই মুনের সিঙ্গাপুর বৈঠকে অংশ নেওয়া নির্ভর করছে।

ইয়ুনহাপ বার্তা সংস্থাকে এক কর্মকর্তা বলেন, “তাদের আলোচনার ফল কি হয় আমরা এখনো তা দেখার অপেক্ষায় আছি। আলোচনার ফলের ওপর নির্ভর করে প্রেসিডেন্ট মুন সিঙ্গাপুরের সম্মেলনে যোগ দিতে পারেন।”

ট্রাম্প সপ্তাহখানেক আগেও কূটনৈতিক টানাপড়েনের মধ্যে গত বৃহস্পতিবার সিঙ্গাপুর বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছিলেন। আর এর আগে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত চাপ দিচ্ছে অভিযোগ তুলে কিমও সম্মেলন বাতিলের হুমকি দিয়েছিলেন।

কিন্তু ট্রাম্পের ঘোষণার পর উত্তর কোরিয়া সংহতির সুরে বলেছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যে কোনো সময়’ কথা বলতে প্রস্তুত।

উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র আবারও মুখোমুখি অবস্থানে চলে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন মধ্যস্থতাকারী ভূমিকা পালনের প্রস্তাব দেন।

গত শনিবার দুই কোরিয়ার আকস্মিক বৈঠকের পর ট্রাম্প যথা সময়ে যথা স্থানে কিমের সঙ্গে তার বৈঠক হবে বলে জানান।

১২ জুন ট্রাম্প-কিম সম্মেলন ঠিকঠাক মত হলে সেটি উত্তর কোরিয়ার কোনো নেতা ও যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম বৈঠক হবে।

সম্মেলনে কি নিয়ে আলোচনা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো প্রকাশ করা হয়নি। তবে কোরিয়া উপদ্বীপ পরমাণু অস্ত্র মুক্ত করা এবং উত্তেজনা প্রশমনই মূল আলোচ্য বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে।