শীর্ষ বৈঠক নিয়ে কথা বলতে উত্তর কোরিয়ায় মার্কিন টিম: ট্রাম্প
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার মধ্যে প্রস্তাবিত শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের একটি টিম উত্তর কোরিয়া গিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার এক টুইটে তিনি একথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তারা দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক গ্রাম পানমুনজোমে সাক্ষাৎ করেছেন।
টুইটে ট্রাম্প বলেন, “কিম জং উন ও আমার মধ্যে বৈঠকের প্রস্তুতি সম্পন্ন করতে আমাদের যুক্তরাষ্ট্রের টিম উত্তর কোরিয়া পৌঁছেছে।”
এই বার্তার মাধ্যমেই ওয়াশিংটন প্রথম নিশ্চিত করে যে, বৈঠক নিয়ে কথা বলতে মার্কিন কর্মকর্তারা উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন।
টুইটে ট্রাম্প আরও বলেন, “আমি সত্যিই বিশ্বাস করি উত্তর কোরিয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে এবং তারা একদিন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সম্পদশালী জাতিতে পরিণত হবে। কিম জং উন এ বিষয়ে আমার সঙ্গে একমত। এটি হবে!”
হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি ‘প্রাক-অগ্রবর্তী দল’ রোববার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছে।
আগামী ১২ জুন সিঙ্গাপুরেই ট্রাম্প ও কিমের মধ্যে প্রস্তাবিত শীর্ষ বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন জানিয়েছিলেন, শনিবার পানমুনজোমে এক আকস্মিক বৈঠকে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠক অবশ্যই হবে বলে একমত হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম।
যুক্তরাষ্ট্রর ও উত্তর কোরিয়ার নজিরবিহীন শীর্ষ বৈঠককে কেন্দ্র করে সপ্তাহজুড়ে চলা কূটনৈতিক উত্থান-পতনের পর পানমুনজোমে দুই কোরিয়ার নেতাদের বৈঠকটি ঘটনায় সর্বশেষ নাটকীয় মোড় সৃষ্টি করেছে।
প্রস্তাবিত বৈঠককে কেন্দ্র করে মার্কিন নেতাদের বিভিন্ন মন্তব্যে ক্ষিপ্ত উত্তর কোরিয়া বৈঠক বাতিল করার হুমকি দেয়। এরপর উত্তর কোরিয়ার তীব্র প্রতিক্রিয়ামূলক বিভিন্ন মন্তব্যে সিঙ্গাপুরের শীর্ষ বৈঠক বাতিল ঘোষণা করেছিলেন ট্রাম্প।
ট্রাম্প যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া বৈঠক বাতিল ঘোষণার পরপরই উত্তর কোরিয়া সংহতির সুরে বলেছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যে কোনো সময়’ কথা বলতে প্রস্তুত।
শনিবার উত্তর কোরিয়ার এ সম্প্রীতিমূলক বিবৃতিকে স্বাগত জানিয়ে ট্রাম্প বৈঠকটি আবার হতে পারে বলে ইঙ্গিত দেন।
পানমুনজোমের বৈঠক থেকে জোরালোভাবে এ ইঙ্গিত পাওয়া গেছে যে কিম-ট্রাম বৈঠকের সম্ভাবনা ধরে রাখতে কোরিয়ার নেতারা আন্তরিকভাবে চেষ্টা করছেন।
২০০৬ সালে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার পর থেকেই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচীকে কেন্দ্র করে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মোকাবিলা করছে উত্তর কোরিয়া।
কূটনৈতিকভাবে বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচীর লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্রকে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানতে সক্ষম পারমাণবিক বোমাবাহী ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি জানিয়েছিল দেশটি। এ কারণে ওয়াশিংটনের নিরাপত্তা বিবেচনায় উত্তর কোরিয়া প্রাধান্য পেয়ে আসছে।
মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, দুই কোরিয়ার সীমান্তে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত সাং কিম।
পানমুনজোমের উত্তর কোরীয় অংশে দুই পক্ষের মধ্যে বৈঠক সোমবার ও মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
