২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের জন্য ‘নতুন চুক্তি নিয়ে আলোচনা করছে ইউরোপ, চীন ও রাশিয়া’

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের প্রভাববিস্তার ও দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচীর লাগাম টেনে ধরার বিনিময়ে দেশটিকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে ইউরোপ, চীন ও রাশিয়ার কূটনীতিকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2018, 12:42 PM

Updated : 08 Apr 2022, 06:24 PM

এর মাধ্যমে ইরান পারমাণবিক চুক্তি রক্ষার আশা করছেন তারা। 

রোববার এমন একটি খবর প্রকাশ করেছে জার্মানির একটি সংবাদপত্র, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচীর লাগাম টেনে ধরতে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানির সঙ্গে ইরানের একটি চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে তাদের ওপর আরোপিত জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর বাণিজ্য নিষেধাজ্ঞা ক্রমান্বয়ে তুলে নেওয়ার বিপরীতে পারমাণবিক কর্মসূচী সীমিত করতে সম্মত হয়েছিল ইরান।

কিন্তু ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পারমাণবিক চুক্তি নামে পরিচিতি ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।

এতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার পরবর্তী করণীয় নির্ধারণে আসছে সপ্তাহে ইউরোপ, চীন ও রাশিয়ার কর্মকর্তারা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিক হেলগা স্মিডের নেতৃত্বে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বৈঠকে মিলিত হবেন বলে ইইউয়ের সূত্রগুলোর বরাতে জানিয়েছে জার্মান সংবাদপত্র ভেট আম জোনটাগ।

বৈঠকে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীনের যোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র অংশ নিবে না বলে জানিয়েছে জোনটাগ। তবে এ বৈঠকে ইরান অংশ নিবে কি না তা তাৎক্ষণিভাবে পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদপত্রটি।

ইরান পারমাণবিক চুক্তির বিষয়ে ট্রাম্প প্রশাসনের প্রধান অভিযোগ ছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচীকে এ চুক্তির আওতায় আনা হয়নি এবং মধ্যপ্রাচ্যের যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে পশ্চিমা দেশগুলো সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে সেসব গোষ্ঠীকে ইরানের সমর্থনের বিষয়টিও এতে বিবেচনা করা হয়নি। 

সংবাদপত্রটি জানিয়েছে, পারমাণবিক চুক্তি অক্ষুণ্ন রেখে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের উদ্যোগ ও মধ্যপ্রাচ্যজুড়ে তেহরানের তৎপরতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার বিষয়ে একটি চুক্তি করা গেলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ট্রাম্পকে রাজি করানো যেতে পারে বলে মনে করা হচ্ছে।

সংবাদপত্রটিতে ইইউয়ের এক ঊর্ধ্বতন কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “আরও অতিরিক্ত কিছু উপদান যোগ করে ‘ভিয়েনা পারমাণবিক চুক্তি’ এই নামটি থেকে সরে আসতে হবে আমাদের। শুধু তাহলেই প্রেসিডেন্ট ট্রাম্প সন্তুষ্ট হয়ে ইরানের ওপর থেকে ফের নিষেধাজ্ঞা তুলে নেওয়া বিষয়ে রাজি হতে পারেন।”

সংবাদপত্রটিতে প্রকাশিত বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।     

এর আগে বিভিন্ন সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচী সীমিত করার আহ্বান জানানো হলেও তার বিরুদ্ধতা করেছিল ইরান।

শনিবার ইইউয়ের জ্বালানি বিষয়ক প্রধান ইরানকে আশ্বস্ত করে জানিয়েছেন, ২৮ সদস্যের ইইউ জোট পারমাণবিক চুক্তি রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং তেহরানের সঙ্গে বাণিজ্য জোরদার করবে।

চুক্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ইইউ, জার্মানি ও অন্যান্য দেশের কর্মকর্তারা জানিয়েছেন, পারমাণবিক চুক্তি রক্ষায় ইইউয়ের উদ্যোগ ব্যর্থ হলে পরিণতি বিপজ্জনক হতে পারে।

পারমাণবিক চুক্তি থেকে অর্থনৈতিক সুবিধা অর্জনে ইরানকে সংগ্রাম করতে হচ্ছে। কারণ দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচীর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা একতরফা নিষেধাজ্ঞার কারণে বৃহৎ পশ্চিমা বিনিয়োগকারীরা তেহরানের সঙ্গে ব্যবসা করা থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছে। 

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বজায় থাকলে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর পক্ষে তেহরানের সঙ্গে ব্যবসা করা কঠিন হয়ে যাবে, নতুন প্রস্তাবের মাধ্যমে কর্মকর্তারা এটিই তুলে ধরতে চাইছেন বলে জানিয়েছে জার্মান সংবাদপত্রটি।

নতুন চুক্তিতে ইরানের জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে।