বেলজিয়ামে গুলিবিদ্ধ হয়ে এক শরণার্থী শিশুর মৃত্যু
বেলজিয়ামে কুর্দি শরণার্থীবাহী একটি ভ্যানকে পুলিশ ধাওয়া করার পর দুঃখজনক মৃত্যু হয়েছে দুই বছর বয়সী এক শিশুর৷
বিবিসি জানায়, শিশুটিকে মারাত্মক আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। পরে মুখে গুলির জখম নিয়ে সে মারা গেছে বলে জানিয়েছেন কৌঁসুলিরা।
ভ্যানটিতে ৩০ জন কুর্দি শরণার্থী ছিল। পুলিশ বৃহস্পতিবার সকালে এক ঘণ্টা ধরে সেটিকে ধাওয়া করে। দক্ষিণ বেলজিয়ামে মনস শহরের কাছে একটি গ্রামে ভ্যানটিকে থামানোর পরপরই শিশুটি মারা যায়।
পুলিশ বলছে, ভ্যানটির সঙ্গে অন্য একটি যানের ধাক্কা লাগার পর যাত্রীরা বেরিয়ে আসলে পুলিশ এবং তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। গুলিটা ছোড়া হয় তখনই। তবে গুলিটি কোনো পুলিশ কর্মকর্তা ছুড়েছেন কিনা তা নিশ্চিত জানা যায়নি।
কৌঁসুলি ফ্রেডেরিক বারিসো জানান, লাশের ময়নাতদন্ত প্রতিবেদন বলছে, গালে বুলেটবিদ্ধ হয়ে শিশুটি মারা গেছে। তবে বুলেট কে ছুড়েছে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
গত কয়েক বছরে ইউরোপের অন্যান্য দেশের মতো বেলজিয়ামেও শরণার্থীর সংখ্যা বেড়েছে।
এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দ্য গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে, ভ্যানের ওই শরণার্থীদেরকে সম্প্রতি বেলজিয়াম থেকে জার্মানিতে পাঠানো হয়েছিল৷ কিন্তু তারা ফের বেলজিয়ামে ফিরে যায় এবং সেখান থেকে তারা বৃহস্পতিবার যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টাকরছিল৷
