টেক্সাসে স্কুলে গুলিবর্ষণে নিহত ১০
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সকালে হিউস্টনের ৪৮ কিলোমিটার দক্ষিণপূর্বের সান্তা ফে হাই স্কুলে গুলিবর্ষণে হতাহতের এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
হামলাকারী সন্দেহে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। দিমিত্রি পাগোরতিস নামের ওই শিক্ষার্থী শটগান ও রিভলবার দিয়ে গুলিবর্ষণ করেন। বাবার লাইসেন্স করা এসব আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি হামলা চালিয়েছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্কুলে ধারাবাহিকভাবে গুলিবর্ষণে রক্তপাতের তালিকায় সর্বশেষ যুক্ত হল সান্তা ফে হাই স্কুল। গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডার একটি হাই স্কুলে বন্দুকধারীর হামলায় ১৭ শিক্ষক-শিক্ষার্থী নিহত হন, যার পর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়।
শুক্রবারের এই ঘটনায় ১০ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে টেক্সাসের গভর্নর ক্রেগ অ্যাবোট জানিয়েছেন।
নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে হ্যারিস কাউন্টির শেরিফ এড গঞ্জালেস জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং অপর আরেকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
পুলিশ কর্মকর্তারা পুরো স্কুলভবন তল্লাশি চালিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ সময় স্কুলপ্রাঙ্গণ ও সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে শহরের স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।
সকাল ৮টার আগে আগে সান্তা ফে স্কুলে গুলির শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়। ঘটনার পর ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। টেলিভিশন লাইভে সারিবদ্ধ হয়ে স্কুল ভবন থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসতে দেখা যায়।
আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে শেরিফ গঞ্জালেস জানিয়েছেন।
লেইলা বাটলার নামের একজন শিক্ষার্থী স্থানীয় একটি সংবাদমাধ্যমে বলেন, সকাল পৌনে ৮টায় স্কুলের ‘ফায়ার অ্যালার্ম’ বেজে ওঠে। তখন শিক্ষার্থীরা ক্লাসরুম থেকে বেরিয়ে আসেন। কয়েকজন শিক্ষার্থী গুলির শব্দ শোনার কথা জানালে অন্য শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের পাশে গিয়ে আশ্রয় নেন তিনি।
আরেক শিক্ষার্থী বলেন, তিনটি গুলির শব্দ শোনার পর তিনি একটি গাছে উঠে আত্মরক্ষার চেষ্টা করেন। পরে আরও চারটি গুলি হলে তারা কয়েকজন লাফিয়ে স্কুলের বেড়া ডিঙিয়ে আরেকজনের বাড়িতে গিয়ে পড়েন।
ডাকোটা শ্রাডার নামের আরেক শিক্ষার্থী ফক্স ২৬ টিভিকে বলেন, তার ১৭ বছরের মেয়েবন্ধু ফোনে তাকে আহত হওয়ার কথা জানিয়েছেন।
“আমার বন্ধু আহত হয়েছে। তার পায়ে গুলি লেগেছে।”
স্কুলে এই প্রাণহানিকে ‘হৃদয়বিদারক’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজে তিনি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের স্কুলগুলো নিরাপদ রাখতে এবং শিক্ষার্থীদের সুরক্ষা দিতে তার প্রশাসন সব কিছু করতে অঙ্গীকারাবদ্ধ।
