গাজা সীমান্ত ক্রসিং বন্ধ করল ইসরায়েল
ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়েলি সেনাদের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় গাজা উপত্যকার সঙ্গে প্রধান সীমান্ত পারাপার এলাকা বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
ইসরায়েল থেকে গাজায় পণ্য যাতায়াতে ব্যবহৃত ‘কেরেম শাইলম’ ক্রসিংটি শনিবার বন্ধ করে দেওয়া হয়।
শুক্রবার ফিলিস্তিনি বিক্ষোভকারীরা কেরেম শাইলম ক্রসিংয়ের গাজা অংশের দিকে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। তারা ইসরায়েল থেকে গ্যাস ও জ্বালানি তেল সরবরাহের পাইপে আগুন দেয় এবং পণ্য বহনের বেল্ট নষ্ট করে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “দাঙ্গার কারণে টার্মিনালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা মেরামত না করার পর পর্যন্ত এটি বন্ধ থাকবে। চলমান বিশৃঙ্খল পরিস্থিতি পর্যবেক্ষণের পর আমরা এটি খোলার সিদ্ধান্ত নেব।
“এ সময়ের মধ্যে শুধুমাত্র মানবিক প্রয়োজনে টার্মিনাল খোলা হবে।”
গাজায় ২০ লাখের বেশি মানুষ বাস করে। অতিরিক্ত জনসংখ্যার কারণে সেখানে দারিদ্র এবং বেকারত্বের হার অনেক বেশি।
গাজা থেকে ইসরায়েল ও মিশরে যাতায়াতের প্রধান তিনটি রাস্তার মধ্যে কেরেম শাইলম একটি। এ ক্রসিং দিয়ে প্রধানত পণ্য পরিবহন করা হয়।
একই দিন বিকালে ইসরায়েল সীমান্তের একটি গোপন সুড়ঙ্গ বোমা মেরে ধ্বংস করে দেয়া হয়। হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা ও জঙ্গি অনুপ্রবেশে ওই সুড়ঙ্গটি ব্যবহার করত বলে দাবি ইসরায়েলি সেনাদের।
“সুড়ঙ্গটির দৈর্ঘ্য এক কিলোমিটারের মত। কয়েক মাস ধরে সেটি খনন করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা সেটির উপর নজর রাখছিলাম।”
গত কয়েক মাসে এরকম আরও কয়েকটি সুড়ঙ্গ ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সেনারা।
