২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার ৩ গির্জায় হামলা চালিয়েছে ‘একটি পরিবারই’

ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরের তিনটি গির্জায় একটি পরিবারের সদস্যরাই বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2018, 06:09 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

রোববারের এ হামলায় এখন পর্যন্ত ১৩ জন নিহত এবং আরো অন্তত ৪০ জন মানুষ আহত হয়েছে।

পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান বলেন, একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলা চালান ওই পরিবারের মা ও তার দুই সন্তান। অন্যদিকে, বাবা আরো তিন ছেলেকে নিয়ে অপর দু’টি গির্জায় হামলা চালান।

২০০৫ সালের পর এটিই ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভয়াবহ বোমা হামলা।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।

এর আগে ইন্দোনেশিয়ার গোয়েন্দা সংস্থা ওয়াবান পুরবান্তো জানিয়েছিল, আইএস অনুপ্রাণিত জঙ্গি গোষ্ঠী জেমা আনশারুত দৌলা (জেএডি) এ হামলা চালিয়েছে।

শান্তা মারিয়া ক্যাথলিক গির্জায় প্রথম বিস্ফোরণটি ঘটে। এ হামলায় মটরসাইকেল ব্যবহার হয়েছে বলে সিএনএন’কে জানিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল মাছফুদ আরিফিন।

হামলা চালানো পরিবারটির ১৬ ও ১৮ বছর বয়সী তিন ছেলে মটরসাইকেলে করে এসে সঙ্গে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।

ঘটনাস্থলে কয়েকটি পোড়া মটরসাইকেল দেখা গেছে ছবিতে। এর পাঁচমিনিট পর অপর দু’টি হামলা হয়।

দ্বিতীয় বোমা হামলাটি ঘটে একটি পেন্টেকোস্টাল গির্জার গাড়ি পার্কিং এলাকায়। সেখানে ওই তিন ছেলের বাবা বোমা ভর্তি একটি গাড়ি নিয়ে হামলা চালান।

আরেকটি গির্জায় একই পরিবারেরই মা তার ৯ ও ১২ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে প্রবেশ করে তৃতীয় হামলাটি চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

টিভিতে প্রচারিত দৃশ্যে গির্জার চারপাশে ধ্বংসস্তুপ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। কর্মকর্তারা অন্যান্য গির্জাগুলোতে হামলা প্রচেষ্টা নস্যাৎ করেছে বলে খবর পাওয়া গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এ হামলাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়েছেন। তিনি জানান, পুলিশকে ঘটনাটি খতিয়ে দেখা এবং অপরাধচক্র ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।