২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ‘সিআইএ প্রধান’ সম্পর্কে তথ্য দিতে চান ৯/১১ হামলার আসামী

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র সম্ভাব্য পরবর্তী পরিচালক জিনা হাসপেলের বিষয়ে তথ্য দেওয়ার অনুমতি চেয়েছেন খালিদ শেখ মোহাম্মদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 02:20 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

এই খালিদ ১৭ বছর আগে টুইন টাওয়ারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনায় সন্ত্রাসী হামলার ‘স্বঘোষিত হোতা’ বলে জানিয়েছে বিবিসি।

হাসপেলকে সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির (সিআইএ) শীর্ষ পদে মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়োগ নিশ্চিত করতে দীর্ঘদিন দেশের বাইরে গোয়েন্দাগিরি করা এ নারী কর্মকর্তাকে মার্কিন সিনেটের শুনানিতে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে।

নিউ ইয়র্ক টাইমস জানায়, শুনানি চলার মধ্যেই হাসপেলের বিষয়ে তথ্য দিতে এক সামরিক বিচারকের কাছে অনুমতি চেয়েছেন গুয়ান্তানামো বে কারাগারের বন্দি খালিদ।

২০০৩ সালে আটক হওয়ার পর খালিদ সিআইএ’র হাতে নির্যাতিত হয়েছিলেন। তাকে হাসপেল সম্পর্কে তথ্য দেওয়ার অনুমতি দেওয়া হবে কি না, তা পরিষ্কার হওয়া যায়নি বলে ভাষ্য বিবিসি’র।

নিউ ইয়র্ক টাইমস বলছে, সামরিক বিচারক কর্নেল জেমস পোলের কাছে ৯/১১ হামলার স্বঘোষিত হোতা খালিদ গোয়েন্দা বিষয়ক সিনেট কমিটিতে হাসপেল সম্পর্কে তথ্য দেওয়ার অনুমতি চেয়েছেন বলে তার আইনজীনী লেফটেনেন্ট কর্নেল ডেরেক পোটিট জানিয়েছেন।

অনুরোধের সঙ্গে ‘অতিরিক্ত তথ্য, আইন ও যুক্তি’ শীর্ষক ছয় অনুচ্ছেদের একটি সংযুক্তিও জমা দেওয়া হয়েছে। সংযুক্তিতে কী আছে সে বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি খালিদের আইনজীবী লেফটেনেন্ট কর্নেল পোটিট।

কুয়েতে জন্ম নেওয়া পাকিস্তানি বংশোদ্ভূত খালিদকে ২০০৩ সালে পাকিস্তান থেকে আটক করা হয়। ২০০৬ সালে তাকে পাঠানো হয় কিউবার গুয়ান্তানামো বে কারাগারে।

তাকে মোট ১৮৩ বার ওয়াটারবোর্ডিং করা হয় বলে সিআইএর নথিতে নিশ্চিত হওয়া গেছে।

বারাক ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর এ ধরনের জিজ্ঞাসাবাদ চালানো হত গোয়েন্দা সংস্থাটির এমন ‘ব্ল্যাক সাইট’গুলো বন্ধ করে দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প অবশ্য তখন থেকেই সন্দেহভাজন অপরাধীদের কঠোর জিজ্ঞাসাবাদের ব্যাপারে তার সমর্থনের কথা বলে আসছেন।

মাইক পম্পেওর জায়গায় ট্রাম্প সিআইএ’র প্রথম নারী পরিচালক হিসেবে হাসপেলকে পছন্দ করলেও তার মনোনয়ন নিয়ে অনেকেরই তীব্র আপত্তি আছে।

২০০২ সালের পর থাইল্যান্ডের একটি গোপন কারাগারে সন্দেহভাজন অপরাধীদের ওয়াটারবোর্ডিংয়ের মাধ্যমে নির্যাতনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। ওয়াটারবোর্ডিং জিজ্ঞাসাবাদ পদ্ধতিতে সন্দেহভাজনের মুখমণ্ডলে কাপড় পেঁচিয়ে তার ওপর অবিরাম পানি ঢালা হয়। এতে নির্যাতনের শিকার ব্যক্তির ডুবে যাওয়ার অনুভূতি হয়।

সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির শুনানিতে সাবেক গুপ্তচর হাসপেল অবশ্য জোর দিয়ে বলেছেন, তার নেতৃত্বে সিআইএ সন্দেহভাজনদের গোপন আটক ও নির্যাতনমূলক জিজ্ঞাসাবাদ কর্মসূচি আর চালু করবে না।

“এটা স্পষ্ট, (গোপন) আটক ও জিজ্ঞাসাবাদ কর্মসূচি চালু করার জন্য সিআইএ প্রস্তুত ছিল না। টালমাটাল ওই সময়ে আমি যেভাবে দায়িত্ব পালন করেছি, এখন আমি প্রতিশ্রুতি দিয়ে বলছি যে- আমার নেতৃত্বে সিআইএ ওই ধরনের আটক ও জিজ্ঞাসাবাদ কর্মসূচি ফের চালু করবে না,” সিনেট সদস্যদের উদ্দেশ্যে বলেছেন হাসপেল।

সন্দেহভাজনদের ওয়াটারবোর্ডিং করার সময় সেখানে উপস্থিত ছিলেন কিনা, এমন প্রশ্নের জবাব দিতে রাজি হননি ৩০ বছরের বেশি সময় ধরে গোয়েন্দা কর্মকর্তার দায়িত্ব পালন করা এ নারী। থাইল্যান্ডে তার পরিচালিত কারাগারেই সিআইএ সন্দেহভাজন আল কায়েদা সদস্যদের ওপর ওয়াটারবোর্ডিংসহ নানা ধরনের অকথ্য নির্যাতন চালাত।

শুনানিতে হাসপেল জানান, জিজ্ঞাসাবাদের ভিডিওটেপ ধ্বংসে সিআইএ যে সিদ্ধান্ত নিয়েছিল, তাতে তার সমর্থন ছিল। গোয়েন্দাদের পরিচিতি সুরক্ষায় এটা করা হয়েছে বলেও দাবি তার।

নির্যাতন জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া হিসেবে কাজ করে, ট্রাম্পের এমন বক্তব্য হাসপেল সমর্থন করেন কিনা তা জানতে চান সিনেটর কমলা হ্যারিস।

উত্তরে কট্টর অবস্থানের জন্য পরিচিত হাসপেল বলেন, “সিনেটর, আমি মনে করি না, নির্যাতনে কাজ হয়।”

বিক্ষুব্ধ এক ব্যক্তির কারণে সিআইএ’র পরবর্তী পরিচালকের নিয়োগ সংক্রান্ত সিনেটের এ শুনানিতে বিঘ্ন ঘটে বলে জানিয়েছে বিবিসি। পুলিশ পরে ওই বিক্ষোভকারীকে সরিয়ে নেয়।