২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বৈত নাগরিকত্বের দায়ে অস্ট্রেলিয়ায় ৫ এমপি পদচ্যুত

নির্বাচিত হওয়ার সময় দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে অস্ট্রেলিয়ায় নতুন করে ৫ জন এমপি পদচ্যুত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 09:53 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

অস্ট্রেলিয়ার সংবিধানে দু’দেশের নাগরিকত্ব রয়েছে এমন ব্যক্তিরা নির্বাচন করতে পারেন না। এই সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করার কারণে গত বছর দেশটির ১০ এমপি ও সিনেটরকে অপসারণ করা হয়।

এবার দ্বৈত নাগরিকত্বের নতুন আরেকটি মামলায় আদালত বুধবার সিনেটর কেটি গাল্লাগহারকে তার সদস্যপদে অযোগ্য ঘোষণা করেছে।

আদালতের এ রায়ের পর তদন্তের মুখে থাকা আরো চার রাজনীতিবিদ পদত্যাগ করেছেন।

কেটি এবং পার্লামেন্টের নিম্নকক্ষের এমপি জাস্টিন কেয়া, জোস উইলসন এবং সুসান লাম্ব বিরোধীদলীয় লেবার পার্টির সদস্য। পঞ্চম এমপি রেবেখা শার্কি প্রতিনিধি পরিষদের সদস্য।

দ্বৈত নাগরিকত্ব নিয়ে হৈ চৈয়ের কারণে গতবছর জুলাই থেকে অস্ট্রেলিয়ার রাজনীতিতে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এতে কখনো কখনো প্রতিনিধি পরিষদে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সংখ্যাগরিষ্ঠতাও হুমকির সম্মুখীন হচ্ছে।

নিম্নকক্ষের শূন্য আসনগুলোর যে কোনো একটিতে জিতলেই টার্নবুল তার সংখ্যাগরিষ্ঠতা বাড়াতে পারেন।

অস্ট্রেলিয়ার হাই কোর্ট ২০১৬ সালের ফেডারেল নির্বাচনের ভোট ফের গণনা করে সিনেটে কেটির শূন্য পদ পূরণের রায় দিয়েছে। আর নিম্নকক্ষের ভিন্ন প্রক্রিয়ার কারণে অন্যান্য এমপি’দের পদ পূরণ করা হবে উপ-নির্বাচনের মধ্য দিয়ে।