ইরান আপাতত চুক্তিতে থাকছে: রুহানি
যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও ইরান আপাতত ২০১৫ সালের পরমাণু চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক বার্তায় জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, চুক্তি সই করা অন্যান্য দেশগুলোর সঙ্গে ইরান চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে সমঝোতায় পৌঁছতে না পারলে ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে।
রুহানি বলেন, ইরান এখন আগামী কয়েক সপ্তাহ বিষয়টি নিয়ে আলোচনা ও পরামর্শ করবে। এরপর অন্যদেশগুলোর সহযোগিতায় ইরান এখনো এ চুক্তি থেকে উপকৃত হতে পারবে বলে সিদ্ধান্তে পৌঁছলে তারা চুক্তিতে থাকবে।
টিভিতে এক ভাষণে তিনি বলেন, “আমরা যদি বাকি শক্তিগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে চুক্তির লক্ষ্য অর্জন করতে পারি, তাহলে চুক্তিটি অব্যাহত থাকবে। চুক্তি থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা আনুষ্ঠানিকভাবে একটি আন্তর্জাতিক চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি ক্ষুন্ন করেছে।”
তিনি বলেন, “আমি ইতোমধ্যে রাশিয়া, চীনা ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমঝোতা করতে পররাষ্ট্রমন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি।”
“আমরা চুক্তি সই করা বাকী দেশগুলোসহ আমাদের বন্ধু ও মিত্রদের সঙ্গে আলোচনা করব। সবকিছুই নির্ভর করছে আমাদের জাতীয় স্বার্থের ওপর। সবশেষে আমাদের জাতির স্বার্থ নিশ্চিত হলে আমরা প্রক্রিয়াটি চালিয়ে যাব।”
আর তা না হলে ইরান পারমাণবিক কর্মসূচি ফের শুরু করতে প্রস্তুত বলে রুহানি সতর্ক করে দিয়েছেন।
বিদ্যুৎ উৎপাদনে পরমাণু কর্মসূচির কথা বলে তেহরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে ইরানের ওপর নিষেধাজ্ঞা ছিল পশ্চিমাদের। বিষয়টি নিয়ে কয়েক বছরের উত্তেজনার সমাপ্তি ঘটে ২০১৫ সালে ওই চুক্তির মাধ্যমে।
চুক্তি স্বাক্ষরকারীদের মধ্যে ইরানের বিপরীতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি ছিল।
চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পায় ইরান।
