ইরান চুক্তি নিয়ে সিদ্ধান্ত জানানোর পথে ট্রাম্প
ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে কিনা এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে কিনা সে সিদ্ধান্ত জানানোর পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২ টায় (১৮.০০ জিএমটি) ট্রাম্পের এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা। এদিনই ইরানের সঙ্গে করা চুক্তিটি নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পর্যালোচনার জন্য বেঁধে দেওয়া ১২০ দিন শেষ হবে।
যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাবে বলেই ধারণা ইউরোপের কর্মকর্তাদের। ইরান বিষয়ক কৌশল নির্ধারণ কমিটি সংশ্লিষ্ট ইউরোপের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সোমবার রাতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাকে চুক্তি প্রত্যাহারের সিদ্ধান্ত আসার ইঙ্গিতই দিয়েছেন।
তাছাড়া, ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প এরই মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকেও বলেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গেকার ওই আন্তর্জাতিক চুক্তি থেকে সরে যাবে।
ফলে চুক্তির কারণে যুক্তরাষ্ট্র ইরানকে যেসব নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছিল সেগুলো আবার পুনর্বহাল করা এবং নতুন করে আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি শুরু করেছে বলেও ওই কর্মকর্তা টাইমসকে জানিয়েছেন।
ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যে নতুন জটিলতা দেখা দেবে।
ইরান তাদের পরমাণু প্রকল্প নিয়ে ২০১৫ সালে বিশ্বের ছয় শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানির সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে উপনীত হয়।
ওই চুক্তি অনুযায় ইরান অন্তত ১০ বছরের জন্য তাদের পরমাণু প্রকল্পের কাজ হ্রাস করবে, বিনিময়ে ধীরে ধীরে দেশটির উপর থেকে বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
ওই চুক্তিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখা হয়নি বলে অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই সেটিকে ‘অন্যায্য’ বলে বর্ণনা করে আসছেন তিনি।
প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ওই চুক্তি সংশোধন ও পরিবর্তনের দাবি করে বলেছেন, তা না হলে তিনি যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নেবেন।
যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে গেলে ইরানও ওই চুক্তি ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে রোববার এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, “যদি যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে যায় তবে একদিন তাদেরকে এর জন্য পস্তাতে হবে।
তিনি বলেন,“ট্রাম্প যে সিদ্ধান্তই নিন, ইরানের হাতে সব বিকল্পই আছে। আমরা তার পাল্টা জবাব দেবই।”
ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি চায় যুক্তরাষ্ট্র এ চুক্তিতে থাকুক। তাদের মতে, ইরানের পরমাণু অস্ত্র বানানো ঠেকাতে এটিই সবচেয়ে ভালো উপায়।
গত সপ্তাহে ইউরোপীয় কর্মকর্তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।
পশ্চিমা এক কর্মকর্তা বলেন, ওই আলোচনায় পম্পেও পরিষ্কারভাবে এ চুক্তির আর কোনো অগ্রগতি হবে না বলে জানিয়ে দিয়েছেন।
“তিনি বলেছেন এটি শেষ।”
ট্রাম্প কেন চুক্তির বিরোধিতা করছেন?
যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণার সময় থেকেই ট্রাম্প ইরানের সঙ্গে আন্তর্জাতিক পরমাণু চুক্তিকে বিপর্যয়কর এবং একপেশে বলে মন্তব্য করে আসছেন।
চুক্তিটি একতরফাভাবে যুক্তরাষ্ট্রের জন্য বাজে বলেই মন্তব্য করেছেন তিনি। এজন্য চুক্তিটি সংশোধন না হলে ট্রাম্প ১২ মে’তেই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত জানানোর হুমকি দেন।
ট্রাম্পের অভিযোগ, এ চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল একটি সীমিত সময়ের জন্য সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে।
এ চুক্তিতে এমন কিছু নেই যার কারণে ইরানের সব ধরনের পারমাণবিক গবেষণা বন্ধ হবে কিংবা ক্ষেপণাস্ত্র বানানোর কাজ ব্যাহত হবে। ফলে এ চুক্তি করে ইরানকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা যায়নি।
তাছাড়া, চুক্তির আওতায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞার খড়গ উঠে যাওয়ার কারণে ইরানের প্রভাব মধ্যপ্রাচ্যে বাড়ছে। ইরান এ অঞ্চলে নতুন পরাশক্তি হয়ে উঠছে।
ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে এবং ইরান যাতে একক শক্তিধর দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্যই দেশটির ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব।
কিন্তু ২০১৫ সালের চুক্তি অনুযায়ী, ইরানকে পরমাণু কর্মসূচি সীমিত রাখার বিনিময়ে তাদের ওপর থেকে জাতিসংঘ আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞাসহ নিরাপত্তা পরিষদের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া, ইরানের পরমাণু গবেষণা অব্যাহত রাখা এবং বিদেশি ব্যাংকগুলোতে জব্দ থাকা কোটি কোটি ডলার অবমুক্ত করার মতো দাবিগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ইরান এ সমস্ত ছাড়ের সুযোগ নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে প্রক্সি যুদ্ধ শুরু করেছে বলে মনে করেন ট্রাম্প। চুক্তিতে এককভাবে ইরানের স্বার্থ রক্ষা করা হয়েছে বলেও মনে করেন তিনি।
ইউরোপীয় দেশগুলোর নেতারা ট্রাম্পকে এই বলে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে, চুক্তিটি নিয়ে তার উদ্বেগ সম্পূরক আরেকটি চুক্তিতে তুলে ধরা যেতে পারে। তবে এ প্রচেষ্টায় সফল হতে পারেননি বলেই সোমবার জানিয়েছেন ইউরোপীয় কূটনীতিকরা।
ট্রাম্প কি পদক্ষেপ নিতে পারেন?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তাৎক্ষণিকভাবে ইরানের তেল ও ব্যাংকিং খাতে একগাদা নিষেধাজ্ঞা আরোপ করতে পারেন। ইরানের কোম্পানিগুলোকেও নিষেধাজ্ঞার কবলে ফেলার পদক্ষেপ নিতে পারেন তিনি।
এভাবে ট্রাম্প ইরান চুক্তি থেকে কঠোরভাবে বেরিয়ে আসতে পারেন, যাতে করে পুরো চুক্তিটিই কার্যত শেষ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনে বিবিসি’র সংবাদদাতা নিক ব্রায়ান্ট।
তবে হোয়াইট হাউজ অবশ্য ট্রাম্প অতটা কঠোর হবেন না বলে ইঙ্গিত দিয়েছে।
কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারেন। এতে করে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হবে।
আরেক পদক্ষেপে ট্রাম্প ইরানের সঙ্গে যে সব বিদেশি কোম্পানি ব্যবসা করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে তাদেরকে ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য ছয়মাস সময় দিতে পারেন।
তাছাড়া, ইরানের ওপর আরো অন্যান্য যেসব নিষেধাজ্ঞা আছে সেগুলোতেও এ বছর আর ছাড় দেওয়ার প্রয়োজন পড়বে না ট্রাম্পের।
