২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেমে বসানো হল মার্কিন দূতাবাসের সড়ক নির্দেশক

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের আগে দিয়ে শহরটিতে ‘ইউএস এম্ব্যাসি’ লেখা সড়ক নির্দেশক (রোড সাইন) বসানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 06:34 PM

Updated : 08 Apr 2022, 06:20 PM

ইসরায়েলের তেল আবিব থেকে আগামী ১৪ মে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করা হবে।

এ প্রক্রিয়া চলার মাঝেই অন্তত তিনটি ভাষা ইংরেজি, হিব্রু ও আরবিতে লেখা এসব রোড সাইন সোমবার স্থাপন করা হয়। জেরুজালেমের দক্ষিণে মার্কিন কনস্যুলেট ভবন বরাবর রাস্তায় নির্দেশকগুলো বসানো হয়েছে।

এক টুইটে জেরুজালেমের মেয়র নির বারকাত বলেন, “এটি আর স্বপ্ন নয়, এটি বাস্তব। আজ সকালে যুক্তরাষ্ট্রের দূতাবাসের জন্য প্রস্তুত করা প্রথম এ নতুন সাইনটি ঝুলাতে দেখে আমি গর্বিত।”

গতবছর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এরপরই শহরটিতে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন তিনি। তার এ পদক্ষেপে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা প্রক্রিয়ার ফিলিস্তিনি প্রতিনিধি সয়েব এরেকাত।

এক বিবৃতিতে তিনি বলেন, “দূতাবাস স্থানান্তর শুধু বেআইনিই নয় বরং এটি দ্বি-রাষ্ট্রীয় শান্তি আলোচনা প্রক্রিয়ায় এতদিন পর্যন্ত যতটুকু অগ্রগতি হয়েছে তা পুরোপুরি ব্যর্থ করে দেওয়ার উদ্যোগ।”

মার্কিন দূতাবাস স্থানান্তর নিয়ে জেরুজালেমের সড়কগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা শোভা পাচ্ছে।

ট্রাম্পের ঘোষণার পর গত মার্চে গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেসও তেল আবিব থেকে তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন। আগামী ১৬ মে গুয়াতেমালা দূতাবাস স্থানান্তর করা হবে।

যুক্তরাষ্ট্রের ঘোষণার পর ছয়টির বেশি দেশ ইসরায়েলে তাদের দূতাবাস স্থানান্তরের বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে’ বলে গত এপ্রিলে দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

যদিও ইউরোপীয় ইউনিয়ন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে।

পুরনো খবর:

জেরুজালেমে ‘মার্কিন দূতাবাস খুলছে মে-তে’